মৌসুমের শুরুটা দারুণ ছন্দে করলেও অক্টোবরের শেষ দিক থেকে হঠাৎ ছন্দপতন ঘটেছে ম্যানচেস্টার সিটির। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে এনজো মারেস্কার দল। যার একটি ছিল এফএল কাপে ব্রাইটনের বিপক্ষে টাইব্রেকারে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ঘরের মাঠে ২-২ ড্রয়ে পয়েন্ট খুইয়েছে হাল্যান্ড-চেরকিরা।
পেপ গার্দিওলা পরবর্তী মারেস্কার অধীনে সিটি এখনো পজিশনাল ফুটবলে অটল। নাপোলির বিপক্ষে ৬৪ শতাংশ বল দখল ও ৯১ শতাংশ পাস একিউরেসি এর প্রমাণ। জোস্কো গাভার্দিওলের ভেতরে ঢুকে পড়া বা মিডফিল্ড পিভট ব্যবহার করে বল ঘোরানোর কাঠামো দলকে নিয়ন্ত্রণ দেয় ঠিকই, কিন্তু প্রতিপক্ষের সংগঠিত রক্ষণ ভাঙতে প্রয়োজনীয় ভার্টিক্যালিটি অনেক সময় অনুপস্থিত থাকছে। প্রথমার্ধে নাপোলির বিপক্ষে গোলশূন্য থাকা বা ব্রাইটনের বিপক্ষে লিগে গোল না পাওয়া সেই স্থবিরতারই ইঙ্গিত।
প্রতিপক্ষের অর্ধে চাপ ধরে রাখতে সিটি হাই লাইন ও দ্রুত কাউন্টার প্রেস ব্যবহার করে। কিন্তু বল হারালে মিডফিল্ড পিভট পেরিয়ে প্রতিপক্ষ দ্রুত রূপান্তরে গেলে রক্ষণভাগের পেছনের ফাঁকা জায়গা অরক্ষিত থেকে যাচ্ছে।

অ্যাস্টন ভিলার কাছে ২-১ হার, আরবি লিপজিগের বিপক্ষে ৩-২ জয়ে দুই গোল হজম, নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ পরাজয় এবং নাপোলির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়া – সবখানেই দ্রুত পাল্টা আক্রমণ ও বক্সের ভেতর রানার সামলাতে ভুগেছে সিটির রক্ষণ। নাপোলির দ্বিতীয় গোলেও রক্ষণ ও ফুলব্যাকের ফাঁক গলে পেছনের জায়গা ব্যবহার করে ভলিতে গোল পায় অতিথিরা।
নতুন মিডফিল্ড কাঠামোয় এঞ্জো ফার্নান্দেজ, এলিয়ট অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দিদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও ভারসাম্য এখনো পুরোপুরি তৈরি হয়নি। পাশাপাশি সুযোগ তৈরির তুলনায় ফিনিশিংয়ের ঘাটতি ভোগাচ্ছে।
গোলপোস্টের নিচে জিয়ানলুইজি ডোন্নারুম্মা নি:সন্দেহে বিশ্বমানের শট স্টপার, কিন্তু মারেস্কার পজিশনাল গেইমপ্ল্যানের সাথে তাঁর খেলার ধরন পুরোপুরি মানানসই নয়। হাই ডিফেন্সিভ লাইনের পেছনের জায়গা দ্রুত সুইপ করা বা চাপের মুখে সূক্ষ্ম শর্ট পাসে বিল্ড আপ সচল রাখার চেয়ে বড় বক্সের ভেতর প্রতিপক্ষের আক্রমণ সামলানোতেই তিনি বেশি স্বচ্ছন্দ। ফলে সিটির বিল্ড-আপ ছন্দ ও হাই লাইন রক্ষায় সামঞ্জস্যের ঘাটতি স্পষ্ট হচ্ছে।

সামনেই সিটির জন্য অপেক্ষা করছে আর্সেনাল ও বার্সেলোনা পরীক্ষা। তার আগে রক্ষণাত্মক রূপান্তর সুরক্ষিত করা এবং ফাইনাল থার্ডে আরও সরাসরি আক্রমণ শানানোই এখন মারেস্কার সবচেয়ে বড় চ্যালেজ।











