তিন দিনের মাথায় শেষ হয়ে গেল পুরো টেস্ট। ইনিংস ও ২১৯ রানের বিশাল পরাজয়ে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারল বাংলাদেশ। সোজা কথায়, হোয়াইটওয়াশ। সেঞ্চুরিয়নে বাংলাদেশের হারের কারণ অনেকগুলো, তাঁর মধ্যে তিনটি নিয়েই আজকের আলোচনা।
প্রথম কারণ, দলগঠন। জোহানেসবার্গের ভুল থেকে শিক্ষা নেননি নির্বাচক আর অধিনায়ক, দ্বিতীয় টেস্টেও একই পথে হেঁটেছেন। ব্যাটিং শক্তি বাড়াতে সাতজন ব্যাটার নিয়ে নেমেছিল বাংলাদেশ, বোলার ছিল চারজন, চারজনই পেসার। অথচ টেস্ট মানে দিনে প্রায় ৯০ ওভারের লড়াই। টানা বল করতে করতে পেসাররা ক্লান্ত হয়ে পড়লে এক প্রান্ত সামলানোর জন্য একজন খাঁটি স্পিনার দরকার হয়। বাংলাদেশের হাতে সেই বিকল্প ছিল না। ফলে বল তুলে নিতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় আর মুমিনুল হকের হাতে। তাঁরা রান দিয়েছেন প্রচুর, কিন্তু ম্যাচে প্রভাব ফেলতে পারেননি।

দ্বিতীয় কারণ, ব্যাটিং বিপর্যয়। ম্যাচটা আসলে এখানেই হেরে গিয়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে ভেজা প্রথম দিনে দুই সেশনের কম সময়ে মাত্র ৯১ রানে গুটিয়ে গেল পুরো দল। ওপেনাররা দায়িত্ব নিতে পারেননি, টপ অর্ডার ধরে খেলতে পারেনি, মিডল অর্ডারেও কেউ দাঁড়াতে পারেননি। এরপর সেই একই পিচে দক্ষিণ আফ্রিকা তুলল ৪৯৪ রান, মার্কুইস অ্যাকারম্যানের ১৫০ আর উইয়ান মুল্ডারের সেঞ্চুরিতে লিড দাঁড়াল ৪০৩। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে এল ৫৮ রান, হৃদয় আর শান্ত মিলে করলেন ৫০ রানের একটা প্রতিরোধও। কিন্তু মুল্ডার এসে সব উল্টে দিলেন, মাত্র ৩১ রানে নিলেন ৭ উইকেট। একই দিনেই ব্যাটিংয়ের গল্প শেষ হয়ে গেল ১৮৪ রানে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ তুলেছে সর্বোমোট ২৭৫ রান।
তৃতীয় কারণ, কন্ডিশন বুঝতে না পারা। দক্ষিণ আফ্রিকার উইকেটে কখন কীভাবে খেলতে হবে, কোথায় কী সিদ্ধান্ত নিতে হবে, সেটা যেন বুঝেই উঠতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে কোন বল ছাড়তে হবে আর কোনটা খেলতে হবে, সেই দ্বিধাতেই উইকেট গেছে বারবার। বোলিংয়েও একই অবস্থা, কোন লেংথে কীভাবে চাপ তৈরি করতে হবে, সেটা ধরতে পারেননি বোলাররা। দক্ষিণ আফ্রিকা সেই একই পিচ, একই কন্ডিশনে খেলেছে স্বতঃস্ফূর্তভাবে।











