হৃদয়ের শতকে বিধ্বস্ত রূপগঞ্জ!

অধিনায়কোচিত এক সেঞ্চুরিতে প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে তার দল।

ব্যাট হাতে জাতীয় দলের ফর্ম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএলেও) ধরে রেখেছেন তাওহীদ হৃদয়। রূপগঞ্জের বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এনে দেন ৩৩৯ রানের এক বিশাল পাহাড়। অধিনায়কোচিত এক সেঞ্চুরিতে প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল।

টস হেরে ব্যাট করতে নামা মোহামেডানের ইনিংসের মূল কাণ্ডারি ছিলেন তাওহীদ হৃদয়। ১০৬ বলে ১০১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ছয়টি চার ও চারটি দৃষ্টিনন্দন ছক্কায়। হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে মোহামেডানের বড় স্কোরের ভিতটা একাই গড়ে দেন এই কাপ্তান।

হৃদয় কেন্দ্রীয় চরিত্রে থাকলেও দলের বাকি ব্যাটাররা তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন। ওপেনার মোহাম্মদ নাঈম শেখের ৩৪ রানের পর উইকেটে ঝড় তোলেন এনামুল হক বিজয়। পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭১ রানের এক মারকুটে ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

এরপর হৃদয়ের সাথে এক অনবদ্য জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। আফিফও সমান তালে রান তুলে ৭০ বলে করেন ৭০ রান। শেষদিকে ইয়াসির আলী চৌধুরীর মাত্র ১৪ বলে খেলা অপরাজিত ৩৩ রানের ক্যামিওতে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৩৯ রানের পুঁজি পায় মোহামেডান।

৩৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লিজেন্ডস অব রূপগঞ্জ। হাবিবুর রহমান সোহানের ২৭ বলে ৫৯ রানের একটি বিধ্বংসী ইনিংস এবং শেষদিকে নাসুম আহমেদের প্রতিরোধ ছাড়া বাকিদের কেউই বড় অবদান রাখতে পারেননি। ৩৪ ওভারে ২৩২ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link