আফগানিস্তানকে পেলেই কৃপণ বনে যান নাসুম

আফগানিস্তানের বিপক্ষে নাসুম আহমেদ জ্বলে উঠবেন, এ যেন এক চিরায়ত নিয়মে পরিণত হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে নাসুম আহমেদ জ্বলে উঠবেন, এ যেন এক চিরায়ত নিয়মে পরিণত হয়েছে। এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও দারুণ বোলিংয়ের ধারা অব্যাহত রেখেছেন নাসুম। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অন্যতম সেরা বোলারদের একজন ছিলেন বা-হাতি এই স্পিনার।

এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাসুম। এর মধ্যে স্রেফ দু’টো ম্যাচ তিনি থেকেছেন উইকেট শূন্য। তারপর আফগানদের বিরুদ্ধে তার উইকেটের সংখ্যা এই মুহূর্তে দশটি। তার থেকেও চমকপ্রদ বিষয় তার ইকোনমি রেট। স্রেফ ৪.৮০ ইকোনমিতে তিনি রান দিয়েছেন টি-টোয়েন্টিতে।

যেখানে তার গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইকোনমি রেট ৭.০৪। অতএব আফগানিস্তান যে নাসুমের প্রিয় প্রতিপক্ষ, সেটা আর না বলে দিলেও চলছে। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম দুই ম্যাচেও সেই নিয়ন্ত্রিত বোলিংয়ের ধারা অব্যাহত রেখেছেন নাসুম আহমেদ। প্রথম ম্যাচে স্রেফ ১৮ রান খরচায় নাসুম নিয়েছিলেন একটি উইকেট।

এরপর দ্বিতীয় ম্যাচে আবারও উইকেটের ট্যালিতে নিজের নাম তুলেছেন বা-হাতি এই স্পিনার। মিডল ওভারে ডারউইশ রাসুলি বেশ হাতখুলে খেলতে শুরু করেছিলেন। বড় বড় ছক্কা হাঁকানোর দিকে ঝুকে পড়েছিলেন তিনি। এমনকি নাসুমের একটি বলকে তোতিনি রীতিমত স্টেডিয়ামের বাইরে নিয়ে ফেলেছিলেন।

ঠিক তার পরের বলেই নাসুম দূর্দান্ত কামব্যাক করেন। রাসুলিকে নিজের উইকেটে পরিণত করেন। এর আগে আফগানিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা ইব্রাহিম জাদরানকেও প্যাভিলিয়নে পাঠিয়েছেন নাসুম আহমেদ। এদিন চার ওভারে ২৫ রান খরচা করেন বাংলাদেশি এই স্পিনার। শারজাহের ছোট বাউন্ডারির স্টেডিয়ামে এতটুকু খরচা মন্দ নয় বটে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link