সমালোচকদের ‘নিজের চরকায় তেল মাখার’ কড়া জবাব নেইমারের!

বিশ্বকাপ শেষ, কিন্তু নেইমারকে ঘিরে আলোচনা যেন থামছেই না। এবার মাঠের কোনো পারফরম্যান্স নয়, ছুটির দিনে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়াকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় ওঠে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। তবে চুপ থাকেননি নেইমার, বরং সমালোচকদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা।

বিশ্বকাপ শেষ, কিন্তু নেইমারকে ঘিরে আলোচনা যেন থামছেই না। এবার মাঠের কোনো পারফরম্যান্স নয়, ছুটির দিনে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়াকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় ওঠে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। তবে চুপ থাকেননি নেইমার, বরং সমালোচকদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা।

ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ছুটিতে ছিলেন নেইমার। সেই সময়ই তাকে দেখা যায় ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, ক্লাব সান্তোসের ম্যাচ চলার সময় তিনি কীভাবে পোকার টেবিলে বসেন? এমনকি তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, ঘটনাটা ঠিক ততটা সরল ছিল না।

সান্তোসের কোচ কুকা আগেই নেইমারকে বিশ্রাম দিয়েছিলেন। বিশ্বকাপ শেষে মাত্রই অনুশীলনে ফিরেছিলেন তিনি। ফলে কোপা সুদামেরিকানার সেই ম্যাচে তাকে দলে রাখা হয়নি। পরদিন ছিল তার নির্ধারিত ছুটি, আর সেই ছুটির দিনেই পোকার টুর্নামেন্টে অংশ নেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

বিতর্ক বাড়তেই ট্রেনিং গ্রাউন্ড থেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন নেইমার। সেখানে তিনি বলেন,

“আমি সকালে অনুশীলন করেছি, তারপর আমার ছুটির দিনে পোকার খেলেছি। আজ আবার অনুশীলনে ফিরে এসেছি। অথচ মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত। নিজেদের চরকায় তেল দিন।”

নেইমারের ভাষ্য, ছুটির দিন কীভাবে কাটাবেন, সেটি একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দায়িত্ব পালন করার পর অবসর সময়ে কী করছেন, তা নিয়ে সমালোচনা করাটা অযৌক্তিক বলেই মনে করেন তিনি।

অবশ্য পোকারের প্রতি নেইমারের ভালোবাসা নতুন নয়। বহু বছর ধরেই তিনি এই খেলার সঙ্গে যুক্ত। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিয়েছেন, এমনকি আগের ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তমও হয়েছিলেন।

সব বিতর্কের মাঝেই এবার মাঠে ফেরার অপেক্ষায় নেইমার। সান্তোস কোচ নিশ্চিত করেছেন, ব্রাজিলিয়ান লিগে শাপেকোয়েনসের বিপক্ষেই আবারও অধিনায়কের আর্মব্যান্ড হাতে মাঠে দেখা যাবে তাকে।

সমালোচনা, বিতর্ক আর প্রশ্ন—নেইমারের ক্যারিয়ারে নতুন কিছু নয়। তবে এবার তার বার্তাটা ছিল একেবারেই স্পষ্ট—মাঠে নিজের দায়িত্ব তিনি পালন করছেন, আর মাঠের বাইরের জীবনটা তার একান্তই নিজের।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link