ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন রনি তালুকদার। পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের মূল ভরসা হয়ে আছেন এই ডানহাতি ব্যাটার। প্রতিপক্ষ বোলারদের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।
ভারত চ্যাম্পিয়নসের বিপক্ষে আজকের ম্যাচেও তার উজ্জ্বল প্রমাণ মিলেছে। অন্যান্য ব্যাটাররা যেখানে যাওয়া-আসার মিছিলে ছিলেন, সেখানে বাংলাদেশের জার্সি গায়ে কেবল একটি নামই ব্যাতিক্রম ছিল।
মাত্র ২৫ বলে চারটি চার ও দুইটি ছক্কার সাহায্যে বিধ্বংসী ৪০ রানের একটি দারুণ ইনিংস খেলেন রনি, যেখানে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬০। শুরু থেকেই তাঁর এই মারমুখী ও দায়িত্বশীল ব্যাটিং দলের ভিত শক্ত করে দেয়।

গোটা টুর্নামেন্টে রনির ব্যাট যেন চেনা ছন্দে প্রতিপক্ষকে শাসন করছে। আগের ম্যাচেও বাংলাদেশকে দারুণ শুরু এনে দেওয়া রনি তালুকদার কেবল চার রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, টুর্নামেন্টে নিজের খেলা চারটি ম্যাচের চারটি ইনিংসে ব্যাট করে তিনি মোট ১৮৯ রান সংগ্রহ করেছেন। ১৫২.৪২ স্ট্রাইকরেট নিয়ে তিনি এখন পুরো টুর্নামেন্টের ব্যাটারদের তালিকার শীর্ষে অবস্থান করছেন।
ওপেনিংয়ে নেমে কিংবা দলের কঠিন মুহূর্তে রনি তালুকদার যেভাবে নিজের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, তা কেবল দলের স্কোরবোর্ডই সচল রাখছে না, বরং লিজেন্ডসদের এই আসরে বাংলাদেশের ব্যাটিং শক্তির সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠেছে।












