টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক জড়ালেন বাগযুদ্ধে! হ্যাঁ, ঠিকই শুনছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একটি লেগ বিফোর উইকেটের (এলবিডব্লিউ) রিভিউ আবেদন নিয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হন এই দুই অভিজ্ঞ প্রোটিয়া সতীর্থ।
ঘটনার সূত্রপাত ৪৮তম ওভারে। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামসের ফুল লেংথ ইয়র্কার আঘাত হানে অজি ব্যাটার জেভিয়ার বার্টলেটের প্যাডে। তখনই প্রোটিয়ারা এলবিডব্লিউয়ের জোর আবেদন জানান। কিন্তু, ফিল্ড আম্পায়ার তাতে সাড়া না দেওয়ায় রিভিউ নেওয়া নিয়ে সৃষ্টি হয় তীব্র নাটকীয়তার।
দক্ষিণ আফ্রিকা রিভিউ নেবে, কি নেবে না তা নিয়ে ক্রিজেই অধিনায়ক টেম্বা বাভুমা ও উইকেটকিপার কুইন্টন ডি কক নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করেন। বাভুমা রিভিউ নেওয়ার পক্ষে থাকলেও, তার বিরোধিতা করেন ডি কক। এমনকি, আঙুল উঁচিয়ে একে অপরের সঙ্গে বাদানুবাদ করতেও দেখা যায় তাঁদের। শেষে অলরাউন্ডার মার্কো ইয়ানসেন এসে শান্ত করেন ডি কককে। ক্ষুব্ধ ডি কক দূরে সরে গেলেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন বাভুমা।

পরে অবশ্য, তার নেওয়া সেই রিভিউই সফল হয়। রিপ্লেতে থার্ড আম্পায়ার এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিলে অর্ধশতক করে মাঠ ছাড়তে হয় বার্টলেটকে।
দুই প্রোটিয়া সতীর্থের এই সংঘাত ছাপিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা। শুরুতে ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে দায়িত্বশীল সেঞ্চুরি হাঁকান বাভুমা নিজে। তাকে যোগ্য সঙ্গ দিয়ে শতক হাঁকান ডেভিড মিলারও। এরপর বল হাতে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করেন বোলাররা।
মাঠের নাটকীয়তা আর দুই সতীর্থের বাগযুদ্ধ ছাপিয়ে জোহানেসবার্গের ম্যাচটি লেখা থাকবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে।










