‘বৈভব’ ঝড়ের রহস্য কি?

‘আমি যে শটগুলো খেলি, সেগুলোই অনুশীলনে করি। ম্যাচে শুধু অনুশীলনে যা করি, সেটাই করার চেষ্টা করি।’ কথাগুলো বৈভব সুরিয়াভানশি। ব্যাট হাতে তাবড় তাবড় বোলারদের শাসন কীভাবে করেন বৈভব?

‘আমি যে শটগুলো খেলি, সেগুলোই অনুশীলনে করি। ম্যাচে শুধু অনুশীলনে যা করি, সেটাই করার চেষ্টা করি।’ কথাগুলো বৈভব সুরিয়াভানশি। ব্যাট হাতে তাবড় তাবড় বোলারদের শাসন কীভাবে করেন বৈভব? বিশেষ কিছু তাঁকে করতে হয় না, স্রেফ মনোযোগ দিয়ে অনুশীলন আর মাঠে সেটার বাস্তবায়ন ঘটান, এই যা।

রেকর্ড ভাঙতেই যেন জন্ম বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে এমন সব কীর্তি গড়ে চলেছেন, যা দেখে বিস্মিত ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ড সফরে প্রত্যাশামতো শুরু করতে না পারলেও জিম্বাবুয়ের মাটিতে নিজেকে নতুন করে চিনিয়েছেন ভারতের এই বাঁহাতি ওপেনার।

হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪৯ বলে ৮১ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন বৈভব। তাতেই ম্যাচসেরার পাশাপাশি পুরো সিরিজে ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন এই কিশোর ব্যাটার।

এই অর্জনের মধ্য দিয়েই ইতিহাস গড়েছেন তিনি। মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন। এতদিন এই রেকর্ড ছিল আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৬ বছর ৩২৫ দিন বয়সে ওয়ানডে সিরিজসেরা হয়েছিলেন মুজিব। প্রায় এক বছর কম বয়সে সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতের এই বিস্ময়বালক।

সিরিজজুড়ে বৈভবের ব্যাটিং ছিল দুই রূপে। প্রথম ম্যাচে মাত্র ১৯ বলে ফিফটি করে নিজের বিধ্বংসী রূপ দেখান। আর শেষ ম্যাচে ধীরগতির উইকেটে পরিস্থিতি বুঝে খেলেন পরিণত একটি ইনিংস। শুরুতে ধৈর্য ধরে ব্যাটিং, এরপর সুযোগ বুঝে আক্রমণ—এই ভারসাম্যই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ক্রিকেটবিশ্বকে।

ম্যাচ শেষে নিজের ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্যও জানিয়েছেন বৈভব সুরিয়াভানশি। তাঁর ভাষায়, আলাদা কোনো গোপন মন্ত্র নেই। অনুশীলনে যে শটগুলো খেলেন, ম্যাচেও সেগুলোই খেলার চেষ্টা করেন।

বৈভবের এই ইনিংস নিয়ে উচ্ছ্বসিত ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ। তাঁর মতে, শুধু রান নয়, ম্যাচের পরিস্থিতি বুঝে নিজের ব্যাটিংয়ের ধরন বদলে ফেলাই বৈভবের সবচেয়ে বড় অর্জন। ম্যাচ শেষে লক্ষ্মণ বলেন, ‘আজ আপনারা যে ইনিংসটি দেখেছেন, সেটি খুবই পরিণত একটি ইনিংস। উইকেট ছিল ধীরগতির, বল থেমে আসছিল। জিম্বাবুয়ের বোলারদের ওকে আটকানোর পরিকল্পনা ছিল। কিন্তু বৈভব সেই পরিকল্পনার দারুণ জবাব দিয়েছে।’

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link