কে এই ফারহান আলী ওয়াহিদ

বাংলাদেশের ফুটবলেও ফারহানকে নিয়ে বইছে উত্তাপ। বাফুফে তাকে জাতীয় দলে ভেড়ানোর জোর তৎপরতা শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপেই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও সগৌরবে উচ্চারিত হতে যাচ্ছে বাংলাদেশের নাম। হামজা চৌধুরীর পর এবার বিশ্বসেরা এই ফুটবল মঞ্চে আলো ছড়াতে তৈরি হচ্ছেন আরেক বাংলাদেশি তরুণ তুর্কি ফারহান আলী ওয়াহিদ। এরই মধ্যে ফুলহ্যামের মূল দলে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অভিষেক হয়েছে এই তারকার। কিন্তু কে এই ফারহান আলী ওয়াহিদ? বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কই-বা কী? জেনে নেওয়া যাক।

১৮ বছর বয়সী গতিময় উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের শেকড় মিশে আছে বাংলাদেশের সিলেটের মাটিতে। তবে ফারহান এবং তার বাবা-মা সবারই জন্ম সুদূর যুক্তরাজ্যে। সহজাত ফুটবল প্রতিভাই তাকে এনে দিয়েছে অনন্য পরিচিতি। তার পায়ের জাদুতে ইংল্যান্ডের দর্শক থেকে শুরু করে কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীদের মন পুলকিত হচ্ছে।

ফারহানের ফুটবলের হাতেখড়ি হয়েছিল বিশ্বখ্যাত ফুটবল ক্লাব চেলসির বয়সভিত্তিক একাডেমিতে। পরে ২০১৯ সালে তিনি পাড়ি জমান ফুলহ্যামে। ক্লাবটির বয়সভিত্তিক দলে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে জিতেছেন মাসসেরা খেলোয়াড়ের মুকুটও।

তারই ধারাবাহিকতায় এবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে অভিষেক হলো ফারহানের। বদলি নেমে ৪৫ মিনিটের সেই ম্যাচে একটি দুর্দান্ত বাঁকানো শট নিয়েছিলেন তিনি। গোল না পেলেও কোচ আলভারো আরবেলোয়ার সামনে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রিমিয়ার লিগে খেলার দ্বারপ্রান্তে এখন ২০০৬ সালে যুক্তরাজ্যে জন্মানো এই উইঙ্গার।

বাংলাদেশের ফুটবলেও ফারহানকে নিয়ে বইছে উত্তাপ। বাফুফে তাকে জাতীয় দলে ভেড়ানোর জোর তৎপরতা শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপেই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link