আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠছে পর্তুগাল!

গত তিনটি বিশ্বকাপের হুবহু সঠিক পূর্বাভাস দেওয়া বিখ্যাত অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবারও হাজির হলেন। জানিয়ে দিলেন তাঁর ভবিষ্যদ্বাণী।

​বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। গত তিনটি বিশ্বকাপের হুবহু সঠিক পূর্বাভাস দেওয়া বিখ্যাত অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এবারও হাজির হলেন। জানিয়ে দিলেন তাঁর ভবিষ্যদ্বাণী। শুধু তাই নয়, নকআউটে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত মহাযুদ্ধে কে জিতবে, তাও স্পষ্ট করে দিয়েছে তার নিখুঁত গাণিতিক অ্যালগরিদম।

​ক্লেমেন্টের পরিসংখ্যানগত, অর্থনৈতিক ও জনসংখ্যাগত চলকের তৈরি সেই ছক বলছে, এবারের বিশ্বমঞ্চে রূপকথার জন্ম দিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে নেদারল্যান্ডস। ডাচরা ফাইনালে পর্তুগালকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেবে।

তবে ফাইনালের আগে ফুটবল বিশ্ব দেখবে শতাব্দীর শ্রেষ্ঠ কোয়ার্টার ফাইনাল, যেখানে শেষবারের মতো মুখোমুখি হবেন মেসি ও রোনালদো। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস হাড্ডাহাড্ডি লড়াই শেষে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে স্তব্ধ করে সেমিফাইনালের টিকিট কাটবে পর্তুগাল।

এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বাধা টপকে তারা ফাইনালে উঠলেও ডাচ ট্র্যাজেডির সামনে রানার্স-আপ হয়েই মাঠ ছাড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে।

​এই দুই পরাশক্তির নকআউট পর্বে ওঠার রাস্তাটাও হবে বেশ নাটকীয়। বর্তমান বিশ্বজয়ী আর্জেন্টিনা গ্রুপ ‘জে’ এবং পর্তুগাল গ্রুপ ‘কে’ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে। এরপর রাউন্ড অব ৩২-এর বাধা টপকাতে আর্জেন্টিনাকে হারাতে হবে লাতিন প্রতিবেশি উরুগুয়েকে এবং আইভরি কোস্টকে বিদায় করবে পর্তুগাল।

শেষ ষোলোর লড়াইয়ে এসে ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী আরও সুনির্দিষ্ট রূপ নিয়েছে। তাঁর দাবি, তুরস্কের বিপক্ষে ১-০ গোলে জিতবে আর্জেন্টিনা এবং জয়সূচক গোলটি আসবে স্বয়ং লিওনেল মেসির পা থেকে। তবে পর্তুগালের জন্য সমীকরণটি বেশ কঠিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তারা কেবল তখনই জিততে পারবে, যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখা হয়।

কাগজ-কলমের এই জটিল হিসাব আর মাঠের ভেজা ঘাসের বাস্তবতার আকাশ-পাতাল তফাত। ক্লেমেন্টের পরিসংখ্যানের খাতা হয়তো নেদারল্যান্ডস বা পর্তুগালকে এগিয়ে রাখছে, কিন্তু ফুটবল তার চিরচেনা রূপকথা লেখে মাঠেই।

এই গাণিতিক ছক সত্যি হবে, নাকি সব হিসেব উল্টে দিয়ে মেসি বা রোনালদোর কেউ একজন শেষ হাসি হাসবেন?  তার উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে থাকতে হচ্ছে ফুটবল বিশ্বকে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link