চ্যাম্পিয়নস ট্রফি উঁচিয়ে ধরার থেকে মাত্র একটা জয় দূরে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে রীতিমতো উড়ছে ভারত, একটার পর একটা ম্যাচ জিতছে হেসেখেলেই। লক্ষ্য একটাই, নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয়। সবদিকেই সেরা ছন্দে থাকা ভারতের ব্যাটিং লাইনআপটা একটু বেশিই আলোচনায় এখন। সবাই যে আছেন ফর্মের তুঙ্গে।
তবে সব ছাপিয়ে আবারও আলোচনায় বিরাট কোহলি-রোহিত শর্মা দ্বৈরথ। বড় চ্যালেঞ্জের মুখে আছেন শুভমান গিলও। যদি এই তিনজনের রেষারেষিতে উদ্বিগ্ন হবার কারন নেই ভারতের। কেননা তিনজনই যে লড়ছেন মধুর এক লড়াই। ওয়ানডে ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটার হবার জন্য এই মুহুর্তে তমুল প্রতিযোগিতায় লিপ্ত ভারতের টপ অর্ডারের তিন সেনানী।
বর্তমানে ওয়ানডেতে সেরা ব্যাটার শুভমান গিলই। তবে কতদিন এই র্যাংকিংটা ধরে রাখতে পারেন সেটিই এখন বড় প্রশ্ন। কেননা ঘারের কাছেই যে নিশ্বাস ফেলছে তারই স্বদেশী দুই ক্রিকেট কিংবদন্তি কোহলি আর রোহিত। বেশ ডিসেন্ট একটা টুর্নামেন্টই কাটাচ্ছেন এখন অবধি গিল। চার ম্যাচে ৫২ এর উপর গড়ে রান করেছেন ১৫৭।

তবে আবারও বড় মঞ্চে নিজেকে সেরাদের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করছেন কোহলি। চার ম্যাচে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে এখন অবধি সংগ্রহ করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ২১৭ রান। এতেই রোহিত শর্মাকে পিছনে ফেলে উঠে গেছেন ওয়ানডে র্যাংকিংয়ের চার নম্বর পজিশনে। যদিও টুর্নামেন্টে ব্যাট এখনো সেভাবে মেলে ধরতে পারেননি রোহিত।
তবে র্যাংকিংয়ে ৭৪৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই আছেন তিনি, যা কোহলি থেকে মাত্র দুই কম। আর শুভমান গিলের পয়েন্ট ৭৯১। বুঝতেই পারছেন কতটা ভয়ংকর প্রতিদ্বন্দ্বিতা চলছে তিনজনের মধ্যে। যদিও ইন্ডিয়ার টপ অর্ডারের আরেক কান্ডারী শ্রেইয়াস আইয়ারও আছেন একই রেসেই। ধারাবাহিক ভাবেই ব্যাট হাতে জ্বলে উঠা আইয়ার আছেন আট নম্বর পজিশনে, তার পয়েন্ট ৭০২।
দলের প্রথম চার ব্যাটারই এখন লড়ছে আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সেরা ব্যাটার হবার লড়াইয়ে। এজন্যই তো ২০১৩ এর পরে আরও একবার চ্যাম্পিয়নস ট্রফির কাপ নিয়ে দেশে ফেরার স্বপ্নে বুদ এখন ভারত।










