এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে দুশ্চিন্তার বেড়াজাল ছিন্ন করতে মরিয়া হারিস রউফ। পাকিস্তানের এক্সপ্রেস পেসার যেন বার্তা দিলেন এশিয়ান শ্রেষ্ঠত্ব প্রমাণের ক্রিকেটীয় লড়াইয়ের জন্যে তিনি প্রস্তুত। এক ম্যাচেই গড়েছেন বেশ কিছু রেকর্ডও। তবে রেকর্ড ছাপিয়ে তার স্বরুপে ফেরা বরং পাকিস্তানের জন্যে সবচেয়ে স্বস্তির।
এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে আরব আমিরাতে বসেছে ত্রি-দেশীয় সিরিজ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ছাড়া যে সিরিজে অংশ নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের হারিয়েছে আগা সালমানের দল। আর সেই জয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডানহাতি পেসার হারিস রউফ।
সেদিকুল্লাহ অটলের উইকেট দিয়ে শুরু। এরপর করিম জানাত ও রশিদ খানের উইকেট-সহ মোট চারটি উইকেট বাগিয়েছেন রউফ। এ সময়ে তার খরচা তিন ওভার পাঁচ বলে ৩১ রান। ইকোনমি রেট ৮.০৮। অথচ ঠিক আগের দু’টো টি-টোয়েন্টি সিরিজে হারিস রউফ ছিলেন বড্ড বেশি বিবর্ণ।

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন চারটি ম্যাচ। এই চার ম্যাচে তার শিকার ছিল মাত্র দুইটি উইকেট। তবে দুশ্চিন্তা ঘনিভূত করেছে তার উদারহস্তে রান বিতরণ। সেই চার ম্যাচে ১৩৪ রান দিয়েছিলেন তিনি ১৩ ওভারে। অর্থাৎ ওভার প্রতি দশের বেশি রান খরচা করেছেন হারিস রউফ।
সেই দশা কাটিয়ে উঠছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে অন্তত সেই বার্তাই দিলেন। পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হারিস রউফ। এতদিন অবধি চার বা ততোধিক উইকেট প্রাপ্তিতে তিনি যৌথভাবে অবস্থান করছিলেন সাঈদ আজমল ও উমর গুলের সাথে।
আফগানিস্তানের বিপক্ষে সেই চার উইকেট প্রাপ্তি তাকে বাকিদের ছাড়িয়ে যেতে সহয়তা করেছে। এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন। তবে এসব রেকর্ড ততটাও অর্থবহ হবে না, যদিনা শিরোপা জিততে সক্ষম হন হারিস রউফ। এশিয়া কাপের দিকে এখন নিশ্চয়ই রয়েছে তার নজর।












