তাহিরের ইটের জবাবে পোলার্ডের পাটকেল

তবে তাঁর এই ঝড়ও শেষ রক্ষা করতে পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্সকে। শেষ ওভারের নাটকে তিন উইকেটের জয় ছিনিয়ে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

জবাব কিভাবে দিতে হয়, কখন দিতে হয় সেটা কাইরেন পোলার্ডের চেয়ে ভাল কেই বা জানেন। ইমরান তাহিরের উল্লাসের জবাব তিনি দিলেন আরেকটা পাল্টা উল্লাস দিয়ে। সেই উল্লাসে ছিল রেষারেষি, কিন্তু বিন্দুমাত্র বিদ্বেষ নয়—যেন খেলার ভেতরেই খেলা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) ইমরান তাহির বল করছিলের ১৯ তম ওভারে। দ্বিতীয় বলে পোলার্ডের ছক্কা হজমের পরের বলটা অফ স্ট্যাম্পের বাইরে করেন তাহির। কোনো রান এল না। মুহূর্তের মধ্যেই মুষ্ঠিবদ্ধ হাত তুলে উল্লাসে মাতলেন দক্ষিণ আফ্রিকার এই লেগি—যেন পোলার্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

ভাগ্য দেবতা তখন আড়াল থেকে হাসছিলেন। পরের বলটাও তিনি করলেন কাইরেন পোলার্ডের নাগালের বাইরে। কিন্তু, বল লেগ সাইড দিয়ে ওয়াইড হয়ে বেরিয়ে গেল। বাউন্ডারি হল, মানে কোনো বৈধ ডেলিভারি ছাড়াই বাড়তি পাঁচটা রান হজম করলেন ইমরান তাহির।

তাহিরের মুখের হাসি ততক্ষণে উবে গেছে। কাঁটা ঘায়ে নুনের ছিটা হয়ে এল পোলার্ডের উদযাপন, নিজস্ব ভঙ্গিমায় উদযাপন করে বুঝিয়ে দিলেন  এই জবাবটা তাঁর চেয়ে ভাল আর কেউ দিতে পারেন না।

ইনিংস শেষে অবশ্য দু’জনই হাত মেলালেন। মাঠের ঘটনা মাঠেই রেখে শেষ করলেন তাঁরা। পোলার্ড অবশ্য মাঠ ছাড়ার আগে ঝড় তুলেই বের হয়েছেন। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে রান তুলেছেন ২১ টি।

১৮ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি যখন ড্রেসিংরুমে ফিরলেন, মুখে তখনও তৃপ্তির হাসি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ক্যারিবিয়ান এখন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ। কিন্তু নিজের দেশের মাটিতে, ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও আগের মতোই ব্যাট হাতে আগুন ঝরান।

তবে তাঁর এই ঝড়ও শেষ রক্ষা করতে পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্সকে। শেষ ওভারের নাটকে তিন উইকেটের জয় ছিনিয়ে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

Share via
Copy link