আফগানিস্তানের প্রত্যাশিত জয়!

এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় নিয়েই যাত্রা শুরু করলো আফগানিস্তান। প্রতিপক্ষ হংকংকে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেয়নি রশিদ খানের দল, হারিয়েছে ৯৪ রানের বড় ব্যবধানে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় নিয়েই যাত্রা শুরু করলো আফগানিস্তান। প্রতিপক্ষ হংকংকে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেয়নি রশিদ খানের দল, হারিয়েছে ৯৪ রানের বড় ব্যবধানে।

টস ভাগ্যে জয়লাভ, আফগানিস্তানের জন্য বোধকরি সূচনাটা একপ্রকার শুভ হয়েছিল। তবে রশিদ খান কিছুটা অবাক করেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। লক্ষ্যটা হয়তো ছিল বড় রান স্কোরবোর্ডে তোলার, কিছুটা দুর্বল দল হংকংয়ের বিপক্ষে ব্যাটারদের ঝালিয়ে নেওয়ার।

ইনিংসের গোড়াপত্তন করতে আসা সেদিকুল্লাহ অটল আর রহমানুল্লাহ গুরবাজ অবশ্য শুরুটা আক্রমণাত্মক মেজাজেই করেন। যদিও গুরবাজ মাত্র আট রান করেই থামেন। অটলও অবশ্য ফিরতে পারতেন প্রথম ওভারেই, মাঝের সময়টাতে আরও দুইবার জীবন পাওয়ার সুযোগটা কাজে লাগান তিনি।

তিনে নামা ইব্রাহিম জাদরানও ব্যর্থ এদিন, তবে অটলের ব্যাট তখনও এক প্রান্তে অবিচল। মোহাম্মদ নবীকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন। ৩৩ রানের মাথায় নবীর ইনিংস থেমে যায়, গুলবাদিন নাইবও সাজঘরে ফেরেন দ্রুতই।

এই পর্যন্ত ঠিকঠাক ভাবেই এগোচ্ছিল হংকংয়ের পরিকল্পনা। তবে এরপরই দৃশ্যপটে পরিবর্তন আসে, যার কারিগর আজমতউল্লাহ ওমরজাই এবং সেদিকুল্লাহ অটল। ৪১ বলে ফিফটি তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন অটল। আর অন্য প্রান্তে ওমরজাইয়ের ব্যাটে ঝড় ওঠে।

একটা সাদামাটা স্কোরকার্ডে রীতিমতো পাহাড়সম রান এনে দেন ওমরজাই। খেলেন ২১ বলে ৫৩ রানের ঝলমলে এক ইনিংস। আর শুরু থেকে এক প্রান্ত আগলে রাখা অটলের ব্যাট থেকে আসে ৫২ বলে ৭৩ রানের অপরাজিত এক নক। আর এতেই ১৮৮ রানের বড় পুঁজি পায় আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হংকং। ফজল হক ফারুকির বোলিং তোপে দ্বিতীয় বলেই কট বিহাইন্ডের শিকার হয়ে ফিরতে হয় ওপেনার আহসানুল্লাহ রাথকে। পরবর্তীতে অবশ্য দেখা যায় বল এবং ব্যাটের মাঝে বিস্তর ফারাক। আরেক ওপেনার জিসান আলীও নিজের খাতায় মাত্র ৫ রান যোগ করেন।

পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে মাত্র ২৩ রান করা হংকংয়ের সম্ভাবনা তখনই শেষ হয়ে যায়। বাকি সময়টা কেবল উইকেট বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে হংকং। জয়-পরাজয় নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে বাবর হায়াতের ব্যাট থেকে, খেলেন ৪৩ বলে ৩৯ রানের ধীরগতির এক ইনিংস। বাকিদের ব্যর্থতায় হংকংয়ের ইনিংস থামে ২০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ৯৪ রানে।

দিনশেষে বিশাল ব্যবধানের জয় নিয়েই আফগানরা শুরু করলো এশিয়া কাপের মিশন। এই জয়টা নিশ্চয় আত্মবিশ্বাসের সাথে গ্রুপ পর্বের সমীকরণ মেলাতেও বাড়তি সুবিধা দেবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link