পার্থ ছেড়ে এডিলেডে ফিরলেও ভাগ্য ফিরল না ভারতের। এ যাত্রায় অজিদের দূর্গে ফাটল ধরাতে পারল না শুভমান গিলের দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া।
এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অজি কাপ্তান মিচেল মার্শ। রোহিত শর্মা নিজের জাত চেনানোর আরও একটা সুযোগ পেলেন। তবে অন্যপ্রান্তে অধিনায়কত্বের ভার চেপে বসল শুভমান গিলের কাঁধে, ব্যর্থ হয়ে ফিরলেন আজও।
আগের ম্যাচে শূন্য করা বিরাট কোহলির কাছে আজ প্রত্যাশা ছিল একটু বেশি। সেই আশা রূপ নিল হতাশায়। অভিশপ্ত শূন্যটা আজও বিরাটকে ফেরালো খালি হাতে। ১৭ রানে দুই উইকেট হারিয়ে তখন কোণঠাসা ভারত।

অগত্যা দলের বিপর্যয়ে হাল ধরেন বিশ্বস্ত পুরনো সৈনিক রোহিত শর্মা। তাঁকে সঙ্গ দিলেন শ্রেয়াস আইয়ার। দুজনের জুটিতে যোগ হয় ১১৮ রান। প্রথম ম্যাচে ব্যর্থ রোহিত এদিন করেন ৭৩ রান। আইয়ারের ৬১, অক্ষর প্যাটেলের ৪৪ আর শেষটাতে হর্ষিত রানারের ২৪ রানে ভর করে ভারত তোলে ২৬৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে কাপ্তান মার্শ ফিরে যান দ্রুতই। ট্রাভিস হেড ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে একপ্রান্ত আগলে রাখেন ম্যাথু শর্ট, খেলেন ৭৪ রানের দূরন্ত এক নক। মাঝের সময়টাতে ম্যাট রেনশোর ব্যাট থেকে আসে ৩০ রান।
শেষটাতে কুপার কোনলির অপরাজিত ৬১ রানে ভর করে জয়ের বন্দরে রণতরী ভেড়াল অস্ট্রেলিয়া। ভারতকে হারত হল দুই উইকেটের ব্যবধানে।

গিলের নতুন দায়িত্বের সূচনাটা এবার আর সুখকর হলো না। রঙিন স্বপ্ন শুরুতেই ধূসর রঙ ধারণ করলো ভারতের নীল আকাশে। রোহিত কিছুটা আশা জাগালেও কোহলির বিশ্বস্ত ব্যাট বিশ্বাসঘাতকতা করল তাঁর সাথে। এবার সামনে হোয়াইটওয়াশের লজ্জা। ভারতের লক্ষ্যটা এবার এটা এড়ানো।











