উইকেটে বিস্তর রান ছিল। তবে, ভারত রান উৎসব করতে পারেননি। মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতার জের ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৭ রান করে ভারত।
পায়ের নিচের মাটিটা ফিরে পেতে শুরু করেছিলেন সুরিয়াকুমার যাদব। কিন্তু, তিনি ফিরে যাওয়ার পরেই দম হারিয়ে ফেলে ভারতের মিডল অর্ডার। তিলক ভার্মা, জিতেশ শর্মারা ব্যর্থ হন।
টপ অর্ডারের গড়ে দেওয়া ভিত্তিতে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের সংগ্রহটা দিব্যি ১৯০ ছুঁয়ে যেতে পারত। কিন্তু, মিডল অর্ডারের ব্যর্থতায় সেটা হয়নি।

আগের ম্যাচের সুপার হিরো ওয়াশিংটন সুন্দর ৭ বলে ১২ রান করে সাজঘরে ফিরে গেলে ভারতের বড় স্কোর গড়ার স্বপ্ন ভেস্তে যায়।
ওপেনিংয়ে ঝড়ো সূচনা করেন অভিষেক শর্মা ও শুভমান গিল। ৫৬ রানের জুটি গড়েন। প্রমোশন পেয়ে তিনে খেলতে নামা শিভাম দুবে ও অধিনায়ক সুরিয়াকুমার যাদব তাল মেলাতে চাইলেও বাকিরা চাপে ভেঙে পড়েন।
শেষ ওভারে প্রথম তিন বলে অক্ষর প্যাটেল ১১ রান তুলে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু, তখন বেশ দেরি হয়ে গেছে।











