বিরাটকে ছাপিয়ে গুগলের শীর্ষে সুরিয়াভানশি

ক্রিকেটের মানচিত্রে নতুন এক বিস্ময়ের নাম - বৈভব সুরিয়াভানশি। পেছনে ফেলেছেন বিরাট কোহলির মতো মহাতারকাকেও।

ক্রিকেটের মানচিত্রে নতুন এক বিস্ময়ের নাম – বৈভব সুরিয়াভানশি। বয়স সবে মাত্র ১৪, অথচ ব্যাট হাতে সুরিয়াভানশি যেন এক অনিরুদ্ধ সৈনিক। স্কোরবোর্ড ছাপিয়ে সেই অনিরুদ্ধতার ছাপ ফেলছেন গুগলের সার্চ ট্রেন্ডেও। ২০২৫ সালে তিনি হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিত্ব। পেছনে ফেলেছেন বিরাট কোহলির মতো মহাতারকাকেও।

সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব ঊনিশ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের এক ঝলমলে ইনিংস খেলেন সুরিয়াভানশি। ব্যাট থেকে আসে ৯টি চার ও ১৪টি ছক্কা। যা অনূর্ধ্ব ঊনিশ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এই বিধ্বংসী পারফরম্যান্স সুরিয়াভানশিকে জায়গা করে দিয়েছে পুরুষদের অনূর্ধ্ব ঊনিশ ওয়ানডেতে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোরের নবম স্থানে।

তবে মাঠের কীর্তির বাইরেও তাঁর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। গুগলের তথ্য মতে বিগত এক বছরে তিনি ভারতের সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি। পুরো বিশ্বের তালিকা করলের তাঁর নামটি রয়েছে ৬ষ্ঠ  অবস্থানে।

ম্যাচ শেষে উপস্থাপক যখন তাঁর এই জনপ্রিয়তার প্রসঙ্গ তোলেন, তখনও বৈভব ছিলেন স্বভাবসিদ্ধ শান্ত ও সংযত। তাঁকে জিজ্ঞাসা করা হয় – এত জনপ্রিয়তা ও আলোচনা তিনি কিভাবে দেখেন?

জবাবে সুরিয়াভানশি বলেন যে তিনি এসব বিষয়ে খুব একটা মন দেন না। তাঁর মনোযোগ শুধুই খেলায়। এসব খবর কানে আসে, স্বাভাবিকভাবেই ভালোও লাগে। কিন্তু তাঁর মূল আকর্ষণ মাঠের ক্রিকেটটাতেই।

কিশোর বয়সেই এমন পরিণত ভাবনা, সঙ্গে ব্যাট হাতে অগ্নিস্ফুলিঙ্গ ঝড়ানো। ভারতীয় ক্রিকেট যে এক নতুন তারকার উত্থান দেখছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link