অবিস্মরণীয় এক যুবক মাতারা হারিকেন

জন্ম মাতারায়, বিধ্বংসী ওপেনার, সাথে বাঁ-হাতি স্পিন বোলিংও করেন। এটুকু শুনলেই যার কথা মনে আসে, তাঁর গল্প এটা নয়। এই গল্প এক ক্ষুঁদে বালকের। তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা খোদ মাতারার পোস্টার বয় সনাথ জয়াসুরিয়ারও নেই।

নতুন ইতিহাস লেখা হয়ে গেল সেই যুবকের কল্যানে। ক্রিকেটপ্রেমীদের চোখ কপালে তুলেছেন ভিরান চামুদিথা। খেলেছেন ১৯২ রানের অনবদ্য এক মাস্টারক্লাস, যেখানে ছিল ধৈর্য, আগ্রাসন আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল।

যুব বিশ্বকাপের ইতিহাসে এটা সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের মাইলফলক। ছাড়িয়ে গেছেন স্বদেশী হাসিথা বয়োগোদা কে। তিনি ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে করেন ১৯১ রান।

শ্রীলঙ্কা চার উইকেট হারিয়ে জাপানের বিপক্ষে বোর্ডে জমা করে ৩৮৭ রান। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল তাঁর ওপেনিং পার্টনার দিমান্থা মাহাভিথানার। দু’জন মিলে প্রথম উইকেটে গড়েছেন অবিশ্বাস্য ৩২৮ রানের জুটি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ হিসেবে রেকর্ড বইয়ে উঠে গেছে এই রেকর্ডও। দিমান্থা আউট হয়েছেন ১১৫ রানে, কিন্তু ততক্ষণে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছিল শ্রীলঙ্কা।

প্রায় ১৩৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ভিরান, ইনিংসে ছিল ২৬ টি চার আর একটি ছক্কা। তাঁর পূর্বসূরী হাসিথা এখন শ্রীলঙ্কায় প্রথম শ্রেনির ক্রিকেট খেলেন। এখনও তিনি লড়ে যাচ্ছেন।

ভিরানের ক্যারিয়ার কোন দিকে যাবে? সনাথ জয়াসুরিয়া হবেন নাকি হাসিথার মত ভাগ্যের সাথে লড়াই করবেন? উত্তর জানতে সময়ের অপেক্ষা করার কোনো বিকল্প নেই।

Share via
Copy link