আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ কে সামনে রেখে নিজেদের প্রস্তুতির গতি বাড়াল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ দুই তারকা – বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি। তাদের এই প্রত্যাবর্তন পাকিস্তান শিবিরে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস।
বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত ছিলেন বাবর ও শাহীন। টুর্নামেন্টের মাঝে ইঞ্জুরিতে দেশে ফিরতে হয় শাহীনকে। সেই থেকে আসন্ন বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও, অস্ট্রেলিয়ার সিরিজে তার ফেরাটা নিশ্চিতভাবেই স্বস্তির নিশ্বাস ফেলবে পাকিস্তানি সমর্থকদের ওপর।
বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে ব্যাপক সমালোচনার শিকার হলেও পাকিস্তান শিবিরে ফিরেছেন বাবর আজমও। বাবর-শাহীনের এই প্রত্যাবর্তনে পূর্ণাঙ্গ শক্তিমত্তার দল নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান দল।

দলের অন্যতম প্রধান বোলার হওয়া সত্ত্বেও অফ ফর্মের কারণে জায়গা হারিয়েছেন হারিস রউফ। সম্প্রতি জিও নিউজের কাছে নিজের আক্ষেপ ঝেড়েছেন এই পেসার। তিনি বলেন, “বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা অবশ্যই হতাশার, তবে এতেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। আমি দমে না গিয়ে নিজের বোলিং নিয়ে আরও কঠোর পরিশ্রম করব।”
সালমান আলি আগার নেতৃত্বাধীন এই দলে আরও রয়েছেন ফখর জামান, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহসহ অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়। দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কা সিরিজেই দলে ফিরেছেন শাদাব খান। তার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও উসমান তারিক।
আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ দিয়েই মূলত বিশ্বকাপের প্রস্তুতির চূড়ান্ত পর্বে প্রবেশ করবে দলটি। লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই তিন ম্যাচের সিরিজটি মাত্র ৪ দিনের ব্যবধানে শেষ হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই পর্দা নামবে এই সিরিজের। বিগব্যাশ লিগে পারফর্ম করতে না পারলেও বিশ্বকাপকে সামনে রেখে বাবর-শাহীনের কাছ থেকে তাদের নামের প্রতি সুবিচার করা পারফরম্যান্সই প্রত্যাশা করবে পাকিস্তানি সমর্থকেরা।











