প্রকাশিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের সূচি। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন দুই বাংলাদেশী। ২৬ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে তিন মে অবধি। এবারের পিএসএলে রয়েছেন বাংলাদেশের চারজন প্রতিনিধি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পর্দা উঠবে একাদশ পাকিস্তান সুপার লিগের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও নবাগত হায়দ্রাবাদ কিংসমেন। গত আসরে এই লাহোর কালান্দার্সেই ছিলেন তিনজন বাংলাদেশি। এবার আছেন দুইজন।
বহুল আলোচিত মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল লাহোর। এছাড়া নিলাম থেকে পারভেজ হোসেন ইমনকে ক্রয় করে ফ্রাঞ্চাইজিটি। এছাড়াও রাওয়ালপিন্ডি পিডিজে আছেন রিশাদ। নাহিদ রানার সুযোগ হয়েছে গেলবারের দল পেশওয়ার জালমিতে।

২৮ মার্চ মুখোমুখি হবে নাহিদ ও রিশাদ। সেটাই দুই বাংলাদেশীর প্রথম এনকাউন্টার। এরপর ১১ এপ্রিল নাহিদ রানার পেশওয়ারের লড়াই হবে মুস্তাফিজের লাহোর কালান্দার্সের বিপক্ষে। রিশাদের পিন্ডিজের বিপক্ষে লাহোর প্রথমবার মুখোমুখি হবে ১৮ এপ্রিল।
প্রায় ৩৯ দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজিত হবে মোট ছয়টি ভেন্যুতে- লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ছাড়াও ম্যাচ হবে ফয়সালাবাদ, পেশওয়ার ও মুলতানে। লিগ পর্ব চলবে ২৬ এপ্রিল অবধি। এরপর একদিনের বিরতি দিয়ে শুরু হবে প্লে অফের লড়াই।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন মে অনুষ্ঠিত হবে একাদশ পাকিস্তান সুপার লিগের ফাইনাল। এবার চারজন বাংলাদেশী খেলোয়াড় থাকায়, পিএসএলকে ঘিরে বাংলাদেশেও রয়েছে বাড়তি উন্মাদনা। দর্শকরা উন্মুখ মাঠে প্রিয় স্বদেশী তারকাদের পারফরমেন্স দেখার আশায়।












