বিরল পারফরমেন্সের স্বীকৃতি পেলেন তাসকিন

তাসকিন আহমেদ জিতলেন টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা বোলিং পারফরমেন্সের খেতাব। ইম্প্যাক্ট বিবেচনায় তাসকিন পিছিয়ে ছিলেন বটে।

তাসকিন আহমেদ জিতলেন টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা বোলিং পারফরমেন্সের খেতাব। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো নির্বাচিত এই পুরষ্কারে ভূষিত হচ্ছেন তাসকিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে সাত উইকেট বাগিয়েছিলেন ডানহাতি এই পেসার। সেই পারফরমেন্সের স্বীকৃতি পেলেন তাসকিন।

চলতি বছরের শুরুর দিকে বিপিএলের এক ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী। তাসকিন ছিলেন রাজশাহীর জার্সি গায়ে। অভাবনীয় এক পারফরমেন্স মঞ্চস্থ করেছিলেন তিনি সেবার। সাত সাত খানা উইকেট বাগিয়েছিলেন ডানহাতি এই পেসার। মাত্র ১৯ রানের বিনিময়ে সেদিন সাতখানা উইকেট নিজের পকেটে পুরেছিলেন তাসকিন।

শুরুটা করেছিলেন লিটন দাসের উইকেট তুলে নিয়ে। এমনকি ঢাকার আক্রমণাত্মক ওপেনার তানজিদ হাসান তামিমকেও আউট করেন তাসকিন। সেদিন নয় উইকেট পতন ঘটেছিল ঢাকা ক্যাপিটালসের। যার মধ্যে সাতটাই ছিল তাসকিনের দখলে। তাসকিনের দুর্ধর্ষ বোলিংয়ের পরও ঢাকাকে চাপাতে পারেননি দুর্বার রাজশাহীর বোলাররা।

১৭৪ রান নিজেরদের স্কোরবোর্ডে তুলেছিল ঢাকা ক্যাপিটালস। টি-টোয়েন্টিতে সাত উইকেট শিকার করা মোটেও সহজ কাজ নয়। সেই কাজের স্বীকৃতিই পেয়েছেন তাসকিন। এই তালিকায় তাসকিন পেছনে ফেলেছেন নাথান সোটারকে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে নাথান সোটার ট্রেন্ট রকেটসের টপ অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছিলেন মাত্র সাত বলের ব্যবধানে।

টম ব্যান্টন, জশ বাটলার ও রেহান আহমেদের উইকেট তুলে নিয়ে তিনি ওভাল ইনভিন্সিবলকে চ্যাম্পিয়ন বানাতে সহয়তা করেছেন। ইম্প্যাক্ট বিবেচনায় তাসকিন পিছিয়ে ছিলেন বটে। কিন্তু টি-টোয়েন্টিতে সাত উইকেট শিকার করা ভীষণ বিরল ঘটনা। এমন বিরল দৃষ্টান্ত স্থাপনের কারণেই তাসকিনকে বেছে নিয়েছে ক্রিকইনফো।

Share via
Copy link