২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যম্পিয়ন হলেও সর্বশেষ আসরে প্লে-অফ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার তাই নতুন উদ্যোমে মাঠে নামতে যাচ্ছে শাহরুখ খানের দল।
আবারও অধিনায়কের আর্মব্যান্ড হাতে পাওয়া আজিঙ্কা রাহানের দেখানো পথে তিনবারের শিরোপাজয়ী দলটি কি পারবে নিজেদের পুরোনো রূপে ফিরে যেতে? শিরোপার লড়াইয়ে কি পারবে অন্যদের সাথে টক্কর দিতে? নতুন কোচের অধীনে দলটির ভাগ্য কেমন হতে পারে চলুন জেনে নেওয়া যাক।
ওপেনিংয়ে সুনীল নারাইন নামবেনই প্রথম বল থেকে মারার লক্ষ্য নিয়ে। কিউই তারকা ফিন অ্যালেন আর টিম সেইফার্টের কাছে দলের আশা থাকবে তারা যেন নিজেদের বিশ্বকাপের ফর্ম ধরে রাখতে পারেন এবারের আইপিএলে। গতবার নিজের প্রতিভার সাক্ষর রাখা অঙকৃষ রঘুবংশীকে এবার ব্যাট করতে দায়িত্ব নিয়ে।

অধিনায়ক রাহানের সাথে ক্যামেরুন গ্রিন মিডল অর্ডারে ভরসার জায়গা হওয়ার লড়াইয়ে নামবেন। দ্রুত রান তোলার ক্ষেত্রে আন্দ্রে রাসেল না থাকায় ভুগতে হতে পারে। সেখানে কেকেআরের সবচেয়ে বড় নাম রিঙ্কু সিং। এর পাশাপাশি ব্যাকআপ হিসেবে মানিশ পাণ্ডে, রাহুল ত্রিপাঠি, ক্যারিবিয়ান রোভম্যান পাওয়েল, রাচীন রবীন্দ্ররা আছেন।
কেকেআরের বোলিং লাইনআপ বেশ শক্তিশালী, যদিও কিছু শঙ্কাও আছে। হার্ষিত রানা, বৈভব অরোরার সাথে আছেন আকাশদ্বীপ। শুরুর দিকেও যেমন এরা বল করতে পারবেন আবার একই সাথে করতে পারবেন মাঝের ওভারে আর শেষের দিকেও।
ডেথ ওভারে প্রতিপক্ষের জন্য নিজের গতির কারণে ভয়ের নাম হয়ে দাঁড়াতে পারতেন মাথিশা পাথিরানা। তবে, এনওসি না পাওয়ায় এখনও তাঁর অংশগ্রহন ঝুলে আছে। মুস্তাফিজুর রহমানকে বড় অংক দিয়ে কিনলেও বিতর্কের মুখে বাদ দেওয়ার পর তার জায়গায় ভেড়ানো হয়েছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে।
কলকাতার শক্তির বড় জায়গা তাদের স্পিন। আইপিএলের অন্যতম সফল বোলার সুনীল নারাইনের সাথে আছেন বরুণ চক্রবর্তী। তার সাম্প্রতিক ফর্ম প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ইকোনমিক বোলিং করে এরা রানের গতি যেমন আটকে রাখবেন আবার একই সাথে উইকেটও নিবেন।

সামগ্রিকভাবে বলতে গেলে কেকেআর ব্যাটিং-বোলিং দুইদিক দিয়েই মোটামুটি ভারসাম্যপূর্ণ দল। ফিন অ্যালেন, টিম সেইফার্টরা আইপিএলের ময়দানে এখনো পরীক্ষিত নন। এরা ভালো করলে যেমন বড় লক্ষ্য গড়া বা তাড়াও করে ফেলতে পারবে সহজেই তেমনি কোনোদিন ভেঙেও পড়তে পারে তাসের ঘরের মতো। চোখ বুজে এমন সার্টিফিকেট দেওয়া যায় না যে একজন না একজন রান করবেনই। ব্যাটিং নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা আছে কলকাতার সামনে।
বোলিংয়ে নিজেদের শক্তি কাজে লাগাতে পারলে যেকোনো প্রতিপক্ষের জন্যই সমীহ জাগানিয়া দল কেকেআর। বিশেষ কোনো দুর্বলতাই তাদের বোলিং লাইনে দেখা যাচ্ছে না। কেউ ইনজুরিতে না পড়লে প্লে-অফে যেতে এরাই ভূমিকা রাখবে সবচেয়ে বেশি।
২০২৫ সালের আইপিএলে অষ্টম হয়ে শেষ করা কলকাতা নাইট রাইডার্সের এবারের লড়াইয়ের পথটাও সহজ হবে না। বহুদিন ধরে ভরসার নাম হয়ে থাকা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছাড়া নামতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে দলটিকে। প্লে-অফে যাওয়াটা এই দলের জন্য হবে খুবই কঠিন। সব দিকে মানিয়ে নিয়ে কেমন করতে পারে কেকেআর সেটা দেখানোর জন্যে ভক্তরা ভিড় জমাবেন ইডেন গার্ডেন্সে, বসবেন টিভির সামনে।











