সাকিবের মতে বিশ্বকাপ বর্জন ছিল বড় ভুল

ভূরাজনৈতিক টানাপোড়েনকে ইস্যু করে দীর্ঘ ২৭ বছর পর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে লাল-সবুজ জার্সি দেখা যায়নি। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপে নেই বাংলাদেশ – এমন দৃশ্য ক্রিকেট ভক্তদের জন্য ছিল কল্পনাতীত। ভূরাজনৈতিক টানাপোড়েনকে ইস্যু করে দীর্ঘ ২৭ বছর পর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে লাল-সবুজ জার্সি দেখা যায়নি। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরিই বললেন, বিশ্বকাপ থেকে দলের সরে দাঁড়ানো ছিল সরকারের এক বিরাট ভুল।

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সাকিব বলেন, বাংলাদেশ একটি ক্রিকেটপাগল দেশ। মানুষ তাদের প্রিয় দলকে বিশ্বমঞ্চে দেখতে চায়। কিন্তু গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা অজুহাতে ভারতকে ‘না’ বলে দেয় তৎকালীন অন্তর্বর্তীকালীল সরকার। সাকিবের মতে, এই সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য একটি বড় ক্ষতি।

​সে সময় আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া এবং ভেন্যু নিয়ে বিসিসিআই-বিসিবির টানাপোড়েন পরিস্থিতি জটিল করে তুলেছিল। তবে সাকিব আশা করছেন দুই বোর্ডের মধ্যকার পরিস্থিতি অতি শীঘ্রই আগের মতো হয়ে যাবে।

তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ যদি ভারত সফর করে অথবা ভারত যদি বাংলাদেশে যায় এমন এক-দুটি সিরিজ হলে, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আমি শুনেছি আগস্ট বা সেপ্টেম্বরে একটি সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন সেটি হবে, আমি মনে করি পরিস্থিতির উন্নতি হবে।’

একসময়ের বন্ধু তামিম ইকবালের বোর্ড প্রেসিডেন্ট হওয়াটাকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক মনে করছেন সাকিব। তিনি বলেন, ‘তামিম যদি স্থায়ী সভাপতি হয়, তবে তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে। আশা করি বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’

সাকিব আবারও মনে করিয়ে দিলেন, ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে এই মহাতারকার এখন একটাই চাওয়া। নিজের আঙিনায় দাঁড়িয়ে বিদায়ের শেষ রাগিণীটা গাওয়া। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই বোর্ডে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে, এমনটাই মনে করছেন বাংলাদেশের এই পোস্টার বয়।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link