টেস্ট খেলে আর কী করবেন মুশফিক!

অভিজ্ঞতা, প্রাপ্তিযোগ সবই তো হলো, এখন আর মুশফিকের প্রমাণ করার কিছু আছে কি? কিংবা টেস্ট খেলে এখন তিনি কী করবেন?

১০০ টেস্ট খেলার কীর্তি। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এটা এক জীবনের গল্প। এটা এক যোদ্ধার ক্লান্তিহীন পথচলার দলিল। আর সেই গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকা নামটা মুশফিকুর রহিম। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। অভিজ্ঞতা, প্রাপ্তিযোগ সবই তো হলো, এখন আর মুশফিকের প্রমাণ করার কিছু আছে কি? কিংবা টেস্ট খেলে এখন তিনি কী করবেন?

বাংলাদেশ ক্রিকেটে যেসব নাম সময়কে অতিক্রম করে দাঁড়িয়ে আছে, তাদের প্রথম সারিতেই থাকবেন মুশফিক। কারণ, তিনি শুধু রান করেননি, লড়েছেন, টিকে থেকেছেন, বারবার ভেঙে পড়ে আবার গড়ে উঠেছেন। ২২ গজে তার ব্যাট যেন এক অধ্যবসায়ের প্রতীক।

এবার সামনে পাকিস্তান সিরিজ। আর এই সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, ১০১তম টেস্ট খেলবেন তিনি। দুই দলের দিকে তাকালে, সবচেয়ে অভিজ্ঞ মুখটিই এখন মুশফিকুর রহিম। তিনি রয়েছেন সময়ের সাক্ষী হয়ে।

১০০ টেস্ট খেলে ফেলেছেন, বাংলাদেশের ইতিহাসে যা এক অনন্য মাইলফলক। সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। বয়স ছুঁইছুঁই ৩৯। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অনেকেই কেবল বিদায়ের দিন গুনতে থাকে। কিন্তু মুশফিকের গল্পের উপসংহার হয়তো ভাবা হয়নি এখনও।

এখানেই মূলত আসল চ্যালেঞ্জ। মুশফিকের সক্ষমতা, ট্যালেন্ট, টেম্পারামেন্ট এসব সবারই জানা। এক অর্থে প্রমাণিত সত্য। এখন আর মুশফিককে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণ করার কিছুই নেই।

এখন সময় ‘ডিসাইসিভ’ হওয়ার। এখন সময় ম্যাচের গতি ঘুরিয়ে দেওয়ার। এখন সময় নিজের অভিজ্ঞতাকে রানে, ইনিংসে, মুহূর্তে রূপান্তর করার। কারণ, বড় ক্রিকেটারদের আলাদা করে চেনা যায় এক জায়গাতেই, তারা ম্যাচ জেতায়।

বাংলাদেশ বহুবার দেখেছে, কঠিন পরিস্থিতিতে মুশফিক কেমন করে দেয়াল হয়ে দাঁড়ান। তবে সেটা ওয়ানডের মুশফিকের ভেতরই বেশি দেখা গেছে। টেস্টে ৬৫১০ রানের মধ্যে খুব কম ইনিংস আছে যেটা দলকে একা হাতে ম্যাচ জিতিয়েছে।

এবার চাওয়াটা তাই আরও বড়। এবার তাকে শুধু লড়াই নয়, ম্যাচের ভাগ্য লিখতে হবে। এমন এক ব্যাটিং, যা প্রতিপক্ষের বুক কাঁপিয়ে দেবে। এমন এক ইনিংস, যা পুরো সিরিজের গতিপথ বদলে দেবে।

এই সিরিজ হতে পারে তার ‘স্টেটমেন্ট সিরিজ’। যেখানে তিনি প্রমাণ করবেন, সংখ্যা নয়, প্রভাবই আসল। ১০০ টেস্ট খেলা বড় কথা, কিন্তু ১০১তম টেস্টে দাঁড়িয়ে ম্যাচ জেতানোই আসল গল্প।

সময়ের কাঁটা এগোচ্ছে, ক্যারিয়ারের সূর্য হয়তো পশ্চিম আকাশে। কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে যেমন শেষ আলোটা সবচেয়ে উজ্জ্বল হয়, ঠিক তেমনি মুশফিকের ব্যাট থেকেও কি আসবে সেই শেষ ঝলক?

Share via
Copy link