প্রথম টেস্টের লজ্জাজনক হার ভুলতে যেন মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান দল। সিলেট টেস্টে ঘুরে দাঁড়াতে একাদশে বড়সড় রদবদল করতে চলেছে সফরকারীরা। ইনজুরি কাটিয়ে ফিরছেন বাবর আজম, অন্যদিকে পারফরম্যান্সের দায়ে বাদ পড়তে পারেন শাহীন শাহ আফ্রিদির মতো তারকা। শেষ টেস্টে পাকিস্তানের একাদশ কেমন হবে, চলুন দেখার চেষ্টা করি।
২২ গজের লড়াইয়ে প্রথম ম্যাচে মিরপুরের মাঠে ১০৪ রানের বিশাল পরাজয়। ব্যর্থতা ভুলে নতুন করে জেগে ওঠার লালসা এখন শান মাসুদের দলের চোখে। তাই তো, পরাজয়ের গ্লানি মুছে সিরিজে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান দল। এই কারণেই সিলেট টেস্টকে সামনে রেখে রণকৌশল সাজাচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে।
হাঁটুর চোটে ঢাকা টেস্টে দর্শক হয়ে থাকতে হয়েছিল বাবরকে। তাঁর ফেরা নিয়ে সংশয় নেই। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়ন হওয়ার পথে ব্যাট হাতে রানের যে ফুলঝুরি ছুটিয়েছিলেন, সেই ছন্দটাই এবার তিনি দেখাতে চান সিলেটে।

বাবরের প্রত্যাবর্তনের কারণে অবশ্য কপাল পুড়ছে ওপেনার ইমাম উল হকের। প্রথম টেস্টে ব্যর্থতার দায়ে একাদশের বাইরে ছিটকে যাচ্ছেন তিনি। তাঁর বদলে ইনিংসের সূচনা করতে আজান আওয়াইসের সাথে ওপেনিংয়ে নামতে পারেন স্বয়ং অধিনায়ক শান মাসুদ।
অভিজ্ঞতার চাদরে ব্যাটিং লাইনআপ মুড়ে দিতেই বাবরকে দেখা যাবে চার নম্বরে। আর তিনে ভরসা হয়ে থাকছেন তরুণ আব্দুল্লাহ ফজল। ব্যর্থতার বৃত্ত ভেঙে মিডল অর্ডারকে শক্তিশালী করাই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য, যে জায়গাটা প্রথম ম্যাচে ছিল বড্ড মলিন।
শুধু ব্যাটিং নয়, বল হাতেও বইছে পরিবর্তনের হাওয়া। গতির ঝড় তুলতে না পারায় সাবেক ক্রিকেটারদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন শাহীন। ফলশ্রুতিতে, সিলেটের সবুজ উইকেটে একাদশ থেকে বাদ পড়তে পারেন এই বাঁহাতি পেসার। শাহীনের জায়গায় পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে একাদশে দেখা যেতে পারে খুররম শাহজাদকে।

সব মিলিয়ে পাকিস্তানের সম্ভাব্য একাদশ হতে যাচ্ছে: আজান আওয়াইস, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, বাবর আজম, সৌদ শাকিল, সালমান আলি আঘা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, হাসান আলি, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।










