অন্ধকারে তলিয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স, তবে সেই অন্ধকার টানেলের ভেতরে এক চিমটি আলোর রেখা আঙ্কৃশ রঘুবনশি। কলকাতার প্রাপ্তির খাতা শূন্য হলেও ২১ বছর বয়সী রঘুবনশি চিনিয়ে গেছেন নিজের জাত, আদায় করেছেন সমীহ, আর বুঝিয়ে গেছেন ভারতের ক্রিকেট বইয়ের আরও এক বড় অধ্যায় লেখার জন্য তিনি প্রস্তুত।
সলিড টেকনিক, আগ্রাসন, আর ধারাবাহিকতা, এই ত্রিরত্ন যার ঝুলিতে থাকে তাঁকে দমানো যায় না। রঘুবনশিরও আছে, তাই তো তিনি অপ্রতিরোধ্য। গুজরাট টাইটান্সও সেটা হাড়ে হাড়ে টের পেল।

ইডেনের সব আলো যখন ফিন অ্যালেন শুষে নিয়েছেন তখনই নিজের ভেতরের জ্বলন্ত শিখা ছড়িয়ে গেছেন রঘুবনশি। ৪৪ বলে ৮২ রানের হার না মানা ইনিংস খেলেছেন। চার চার আর সাত ছক্কায় সাজানো ইনিংস পূর্ণতা দিয়েছে কলকাতাকে। অ্যালেন শুরু করেছিলেন আর শেষটা করেছেন রঘুবনশি।
তবে এই এক ইনিংস দিয়ে তাঁকে চেনা যাবে না, বোঝা যাবে না কেন তিনি বিশেষ কেউ। এবারের আসরে পঞ্চম ফিফটির দেখা পেয়েছেন। আগের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছেন ৭১ রানের নক। ২১ বছরেই এমন ধারাবাহিকতা সমেত আগ্রাসন বুঝিয়ে দেয় ছেলেটা অন্যদের থেকে আলাদা।










