আইসিসি সভায় কেন নেই তামিম?

অনেকেই বলছেন, বর্তমান অ্যাডহক কমিটির আইনি 'বৈধতা' না থাকার কারণেই নাকি সভায় বসার ছাড়পত্র পাননি অ্যাড-হক কমিটির প্রধান। তবে পর্দার পেছনের সত্যটা হলো, গুঞ্জনের সঙ্গে বাস্তবতার কোনো মিলই নেই।

আহমেদাবাদের আইসিসি সভায় তামিম ইকবাল কেন নেই – এই প্রশ্নে যখন দেশের ক্রিকেটপাড়া মুখর, তখন ডালপালা মেলছে এক অবান্তর গুঞ্জন। অনেকেই বলছেন, বর্তমান অ্যাডহক কমিটির আইনি ‘বৈধতা’ না থাকার কারণেই নাকি সভায় বসার ছাড়পত্র পাননি অ্যাড-হক কমিটির প্রধান। তবে পর্দার পেছনের সত্যটা হলো, গুঞ্জনের সঙ্গে বাস্তবতার কোনো মিলই নেই।

বোর্ডে নির্বাচিত কমিটি না থাকলে আইসিসি সবসময়ই প্রধান নির্বাহীর (সিইও) প্রতিনিধিত্ব পছন্দ করে। সেই আন্তর্জাতিক নিয়ম মেনেই তামিম ইকবালের পরিবর্তে সভায় যোগ দিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এই অনুপস্থিতি আকস্মিক কিছু নয়। বর্তমান অ্যাডহক কমিটি গঠনের সময়ই চূড়ান্ত হয়েছিল যে, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধান নির্বাহী। আইসিসির প্রটোকল ও গাইডলাইন মেনে বোর্ড সভায় আগেই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া ছিল।

এমন প্রটোকল ক্রিকেটে নতুন কিছু নয়। ২০১৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডেও (বিসিসিআই) কোনো নির্বাচিত কমিটি ছিল না। তখন জটিলতার মুখে ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তিটিও আইসিসির সভায় তাদের প্রধান নির্বাহীকে দিয়েই কাজ চালিয়েছিল। এবার বাংলাদেশও সেই চেনা নিয়মেই হেঁটেছে।

​তবে এই নিয়ম সাময়িক। আগামী ৭ জুন বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের পর বোর্ডে যখন নতুন ও পূর্ণাঙ্গ কমিটি আসবে, তখন থেকে নিয়ম অনুযায়ী নির্বাচিত বোর্ড প্রেসিডেন্টই আইসিসির সব সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে বিসিবির এক বিবৃতিতে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকায় পা রাখছে আইসিসির একটি হাইপ্রোফাইল প্রতিনিধিদল। লক্ষ্য, ৭ জুনের নির্বাচনী পরিবেশ ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলটি নির্বাচনসংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে আইসিসি বোর্ডের কাছে একটি রিপোর্ট জমা দেবে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link