ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র অল্প কয়েকদিন বাকি। আর এরই মধ্যে বিশ্বজুড়ে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। উত্তর আমেরিকার মাটিতে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার অভিযানে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আর, এরই মধ্যে কোচ লিওনেল স্কালোনি জানালেন দলের সব কাজ হয় লিওনেল মেসির কথামতো।
দীর্ঘ তিন যুগের অপেক্ষার পর কাতারে আবার সোনার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটির এই কীর্তির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বা পায়ের জাদুকর লিও মেসির। বয়স বাড়লেও নিজ দলে মেসির ভূমিকা আজও ক্ষুণ্ণ হয়নি এক ফোঁটাও।
আর্জেন্টাইন কোচ স্কালোনি সম্প্রতি সংবাদপত্র ‘ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে দলে মেসির অবস্থান নিয়ে কথা বলেন। স্কালোনি অকপটে স্বীকার করেছেন, এত এত তারকাদের সামলানো কোনো সাধারণ কাজ নয়। সেখানে মেসিই হয়ে যান দলের জন্য সেরা দিকনির্দেশক।

দলের ওপর নিজের একক কর্তৃত্বের চেয়ে মেসির মতামতকে সবসময় বেশি প্রাধান্য দেন স্কালোনি। ড্রেসিংরুমের ভেতরের রসায়ন ফাঁস করে কোচ স্পষ্ট করে বলেন, ‘আমি মেসিকে না জানিয়ে বা তার সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেই না।’
স্কালোনি মনে করেন, সব সিদ্ধান্ত মেসির হাত দিয়ে হওয়াই দলের জন্য সবচেয়ে মঙ্গলজনক। মাঠের নিয়ন্ত্রণ যে আসলে কার হাতে, তা পরিষ্কার করে তিনি বলেন, ‘আমিই সব দেখভাল করছি এমনটা বলা অর্থহীন। আমরা সবসময় সব সিদ্ধান্ত নেওয়ার আগে মেসির সাথে কথা বলি।’
৩৮ বছর বয়সেও মেসি মাঠে যে অসামান্য অবদান রেখে চলেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ স্কালোনি। কোচের মতে, মেসি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের মনে ত্রাস। তিনি বলেন, ‘মেসিকে মাঠে রাখাই সবচেয়ে ভালো অপশন, কারণ সে একাই অনেক সুযোগ তৈরি এবং গোল করার পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম।’

প্রায় দুই দশক ধরে নিজের খেলা দিয়ে পুরো পৃথিবীর ফুটবল ভক্তদের বিস্মিত করে আসছেন মেসি। তবে, বয়স হয়েছে এখন। এবারই যে শেষ বিশ্বকাপ তা আর মনে করিয়ে দিতে হয় না। নিজের নেতৃত্ব দিয়ে দেশকে কোথায় নিয়ে যেতে পারেন সেই দিকেই তাকিয়ে থাকবেন ভক্তরা।










