কোনো পেশাদার ক্রিকেটার কমেন্ট করলেই পাওয়া যাবে বোলিং মেশিন! কথাটা শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটছে ইংল্যান্ডের কিশোর ক্রিকেটার ওলি পাফিটিস-ওয়ালের সাথে। একটা ইনস্টাগ্রাম পোস্টের কারণেই এখন আর ব্যাটিং করতে বোলিং মেশিনের অভাব বোধ করতে হবে না কিশোর ওলিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অসীম শক্তি যে কীভাবে এক নিমেষে একটি সাধারণ স্বপ্নকে রূপকথায় বদলে দিতে পারে, তা যেন আরও একবার প্রমাণ হলো। মায়ের দেওয়া একটি ছোট্ট বাজি আর ইন্টারনেটের দুনিয়ার দারুণ এক কাণ্ড মিলিয়ে কিশোর ওলি এখন বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে।
অনলাইনে নিয়মিত ক্রিকেট নিয়ে ভিডিও বানানো ওলিকে তাঁর মা বলেছিলেন, কোনো পেশাদার ক্রিকেটার যদি তাঁর ভিডিওতে মন্তব্য করেন, তবেই তাকে একটি বোলিং মেশিন কিনে দেওয়া হবে। মায়ের সেই শর্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওলি যখন ভিডিওটি পোস্ট করে, তখন হয়তো সে নিজেও ভাবেনি কী ঘটতে চলেছে।
মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে ওলির সেই গ্রামের উঠোনের ব্যাটিং করার ভিডিও। আর জাদুর মতো সেই পোস্টে একে একে এসে হাজির হতে থাকেন বিশ্ব ক্রিকেটের সব চেনা মহানায়কেরা।
গতিদানব শোয়েব আখতার থেকে শুরু করে জেসন রয়, রবীন্দ্র জাদেজা আর লোকি ফার্গুসনের মতো তারকা ক্রিকেটাররা অলির মায়ের উদ্দেশ্যে একের পর এক মজার এবং অনুরোধের মন্তব্য করতে থাকেন। শোয়েব আখতার লিখেন, ” মা, ওকে এবার বোলিং মেশিনটা কিনে আমাদের দেখিয়ে দিন!”
ইন্টারনেটের কল্যাণে ইংল্যান্ড থেকে হাজার কিলোমিটার দূরে বসেও এখন কিশোর ওলির ভাগ্য বদলে দিচ্ছেন ক্রিকেটাররা। বিশ্বসেরা তারকাদের এমন অনুরোধের পর ওলির মা শেষ পর্যন্ত সেই বহু কাঙ্ক্ষিত বোলিং মেশিনটি কিনে দেন কিনা, দেখার জন্যে অপেক্ষা করছেন নেটিজেনরা।











