বিশ্বকাপ জিতবে স্পেন!

গ্রুপের বাকি দলগুলোর দিকে তাকালে বলতেই হয়, নকআউট রাউন্ডে জায়গা করে নেওয়া স্পেনের জন্য খুব একটা কঠিন হবে না।

সবার মনে এখন একটাই প্রশ্ন, কে জিতবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ? মাঠের আসল লড়াই শুরু হওয়ার আগেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে নানা ভবিষ্যদ্বাণী। তবে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে বিশ্বখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘ইএ স্পোর্টস’। তাদের মতে স্পেনের ঘরেই যাবে বিশ্বকাপের শিরোপা।

ফুটবল দুনিয়ায় ইএ স্পোর্টসের প্রেডিকশনকে কেউ সহজে উড়িয়ে দিতে পারে না। এর আগে ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং সর্বশেষ ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের নিখুঁত পূর্বাভাস দিয়েছিল তারা। টানা চার বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে, তা অবিকল মিলিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে নিজেদের গ্রহণযোগ্যতা।

এবারের আসরের ভাগ্য নির্ধারণে ইএ স্পোর্টস তাদের গেমের বিশেষ মোডে সম্পূর্ণ ১০৪টি ম্যাচের একটি ভার্চুয়াল সিমুলেশন চালিয়েছে। আর সেই রোমাঞ্চকর সিমুলেশন শেষে জানা গেছে নতুন বিশ্বজয়ীর নাম। সিমুলেশনের হিসেব অনুযায়ী, দীর্ঘ ১৬ বছর পর আবারও সোনালী ট্রফি ছুঁয়ে দেখবে লুইস দে লা ফুয়েন্তের দল ‘স্পেন’।

দুই বছর আগে হওয়া সর্বশেষ ইউরো জেতা স্পেন এবার অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে। বিশেষ করে বার্সেলোনার ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার লামিন ইয়ামালকে ঘিরে স্প্যানিশ ভক্তরা বুনছেন এক নতুন স্বপ্ন। ইএ স্পোর্টসের মতে, এই তরুণ তুর্কির হাত ধরেই স্পেনের ফুটবলে যোগ হবে বিশ্বকাপের আরেকটি  ট্রফি। 

গ্রুপ ‘এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। গ্রুপের বাকি দলগুলোর দিকে তাকালে বলতেই হয়, নকআউট রাউন্ডে জায়গা করে নেওয়া স্পেনের জন্য খুব একটা কঠিন হবে না। তবে তারা যে কেবল গ্রুপ পর্ব নয়, বরং বিশ্বজয়ের মিশন নিয়েই নামবে তা বলাই বাহুল্য।  

একগাদা প্রতিভাবান আর তরুণ খেলোয়াড় নিয়ে মাঠে নামতে প্রস্তুত হয়ে আছে স্পেন। আর, ইএ স্পোর্টসের এই টানা পঞ্চম প্রেডিকশন সত্যি নাকি মিথ্যে হবে, তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে বিশ্বজোড়া ফুটবল ভক্তরা। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link