গোল হজম করার ভয় নিয়েই হেক্সা মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ইনজুরিগ্রস্ত দল নিয়ে রেফারির ম্যাচ শুরুর বাঁশি বাজার আগেই কপালে তাই চিন্তার ভাঁজ পড়েছে কোচ কার্লো আনচেলত্তির। মরক্কোর বিরুদ্ধে সেলেসাওরা কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে চলুন দেখে নেওয়া যাক।
ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার ওয়েসলি। রাইট-ব্যাক পজিশনে তাঁর অভাব পূরণ করতে আনচেলত্তি এখন অনুশীলনে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন মিডফিল্ডার এডারসনকে নিয়ে। তবে ডানদিকের এই পজিশনে অভিজ্ঞ দানিলোরই খেলার সম্ভাবনা বেশি। অবশ্য, রজার ইভানেজের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গোলরক্ষক অ্যালিসন বেকারের সামনে সেন্টারব্যাক হিসেবে থাকবেন অধিনায়ক মার্কিনিওস আর গ্যাব্রিয়েল মাগাহায়েস। রক্ষণভাগের চতুর্থ সদস্য হিসেবে অ্যালেক্স সান্দ্রোর প্রতিই ভরসা রাখতে দেখা যেতে পারে ব্রাজিলকে। আর, মাঝমাঠের দখল ধরে রাখতে সেন্ট্রাল মিডফিল্ডে প্রাজ্ঞ ক্যাসেমিরোর সাথে জুটি বাঁধবেন ব্রুনো গুইমারেস। এই দুজনের ওপরই নির্ভর করছে সেলেসাওদের মাঝমাঠের ছন্দ।

আক্রমণের মূল শক্তি নেইমার জুনিয়র কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠের বাইরেই থাকছেন তিনি। সেখানে দুই উইঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের সাথে দেখা যাবে রাফিনিয়াকে। এর সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন লুকাস পাকুয়েতা।
স্ট্রাইকার পজিশন নিয়েও আনচেলত্তিকে নিতে হচ্ছে এক কঠিন সিদ্ধান্ত। তরুণ তুর্কি এন্ড্রিক, ফর্মের তুঙ্গে থাকা ইগর থিয়াগো নাকি অভিজ্ঞ ম্যাথুস কুনহাকে দিয়ে আক্রমণ সাজাবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। তবে, কুনহাকেই শুরুর একাদশে দেখার সম্ভাবনাই বেশি। বাকি দুজন থাকবেন বদলি হিসেবে নামার জন্যে।
প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়ে বিশ্বকাপের ময়দানে লড়াই করতে নামবে সাম্বার দেশ ব্রাজিল। হেক্সার মিশনে নামার আগে যদিও ইনজুরি আর দলবদ্ধ হয়ে খেলতে না পারার কারণে চিন্তা থাকবে, কিন্তু, মরক্কোর বিরুদ্ধে ব্রাজিল চাইবে পূর্ণ তিন পয়েন্ট দিয়েই আসর শুরু করতে।

মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগাহায়েস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ভিনিসিয়ুস, পাকুয়েতা, রাফিনিয়া, কুনহা।










