কাউন্টিতে অভিষেক রাঙালেন হাসান মাহমুদ

মাত্র ৩২ ওভারে ৮৭ রানে সকল উইকেট হারিয়ে ফেলে ল্যাঙ্কাশায়ার। যেখানে হাসানের বোলিং ফিগার দাঁড়ায় ছয় ওভারে ৩২ রানে তিন উইকেট। 

বল হাতে ঝড় তুলেই কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসান মাহমুদের। কেন্টের জার্সি গায়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত বল করেছেন এই বাংলাদেশি পেসার। শিকার করেছেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিন-তিনটি উইকেট।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশীপে লাল বলের ম্যাচ খেলতে নামেন হাসান মাহমুদ। চার দিনের ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে হাসানের দল কেন্ট। অল্প রানের পিচে একাদশ ব্যাটার হিসেবে নেমে আট বলে এক চারে ছয় রান করেন হাসান। কেন্ট অলআউট হয় মাত্র ১৭৮ রানে। 

প্রথম দিনে উইকেট না পাওয়া হাসান আসল খেলা দেখান দ্বিতীয় দিনে। দারুণ এক বলে অস্ট্রেলিয়ান মার্কাস হ্যারিসকে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যেতে বাধ্য করেন হাসান। এর অল্প সময় পরেই আবার আঘাত হানেন এই ডানহাতি। ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

বোলিং সহায়ক পিচে হাসানের সতীর্থ কিথ ডাজেন যেখানে একে একে উইকেট তুলে নিচ্ছেন সেখানে পিছিয়ে থাকেননি হাসানও। শেষ আক্রমণ চালান জোশেফ মুরসের উইকেট শিকার করেন। মাত্র ৩২ ওভারে ৮৭ রানে সকল উইকেট হারিয়ে ফেলে ল্যাঙ্কাশায়ার। যেখানে হাসানের বোলিং ফিগার দাঁড়ায় ছয় ওভারে ৩২ রানে তিন উইকেট।  

ইনজুরির কারণে কিছুদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলে দেখা যাচ্ছিল না হাসান মাহমুদকে। চোট সারতেই নেমে যাওয়ার সুযোগ পেলেন অভিজাত কাউন্টির মাঠে। আর, নিজের প্রথম ইনিংসেই তিন উইকেট শিকার করে তাঁর শুরুটা যে অনবদ্য হয়েছে তা বলতেই হবে। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link