লিওনেল মেসির হ্যাটট্রিকে পরাজয় বরণ করতে হয়েছে আলজেরিয়াকে, এরপরই ফিফার কাছে অভিযোগ পাঠিয়েছে তারা! আর্জেন্টিনা ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে দলটি।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ম্যাচে রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আলজেরিয়া। দেশটির ফুটবল ফেডারেশন ফিফার রেফারিজ কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করে তারা দাবি করেছে, ম্যাচে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।
আলজেরিয়ার অভিযোগের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে লিওনেল মেসিকে ঘিরে একটি ঘটনা। প্রথমার্ধে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেছনের অংশে মেসি বুট দিয়ে আঘাত করেন। ঘটনাটি ম্যাচ চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক মনে করেছিলেন, এটি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ। কিন্তু ম্যাচের রেফারি সিমন মারচিনিয়াক কোনো ফাউলই দেননি, কার্ড তো দূরের কথা।

এই সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশি ক্ষোভ আলজেরিয়ার। তাদের বিশ্বাস, ওই ঘটনায় মেসিকে মাঠ ছাড়তে হলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারত। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক মাঠে থেকে যান এবং পরবর্তীতে তিনটি গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।
শুধু মেসির ঘটনাই নয়, আলজেরিয়ার অভিযোগে উঠে এসেছে আরেকটি বিতর্কিত মুহূর্তও। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আলজেরিয়ান ফুটবলার ইব্রাহিম মাজাকে কনুই দিয়ে আঘাত করেছিলেন বলে দাবি করা হয়েছে। আলজেরিয়ার মতে, ঘটনাটি রেফারির চোখের সামনেই ঘটেছিল। তবুও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের তীর তাই সরাসরি ম্যাচ রেফারি সিমন মারচিনিয়াকের দিকে। ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা এই পোলিশ রেফারিকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে ধরা হয়। কিন্তু আলজেরিয়ার মতে, এই ম্যাচে তার কয়েকটি সিদ্ধান্ত তাদের ক্ষতির কারণ হয়েছে।











