বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের ব্যাট এখনো সমান নির্ভরতার প্রতীক। তবে খেলোয়াড়ি জীবনের শেষ অধ্যায় যখন ধীরে ধীরে সামনে আসছে, তখনই তার জন্য নতুন এক ভূমিকাও কল্পনা করতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের আশা, অবসরের পর দেশের ক্রিকেটে কোচ হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশ ‘এ’ দল ও যুব দলের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ শুরু করেছেন। বিসিবি চায়, ভবিষ্যতে মুশফিকুর রহিমও একই পথে হাঁটবেন।
বর্তমানে ৩৯ বছর বয়সী মুশফিক এখনো আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিয়মিত খেলছেন। বিশেষ করে টেস্ট দলে তিনি এখনো অন্যতম ভরসার নাম। তবে তার অবসর যে সন্নিকটে, সেটিও উপলব্ধি করছে বোর্ড।

বিসিবির সহ-সভাপতি ফাহিম সিনহা জানিয়েছেন, দেশের হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিক ও মাহমুদউল্লাহদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বোর্ডের দায়িত্ব। তাই মুশফিক কোচিংয়ে আগ্রহী হলে তাকে বিসিবির সঙ্গে যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এমন একজনকে যুক্ত করতে না পারলে সেটি বোর্ডের ব্যর্থতা বলেই মনে করেন তিনি।
দেশজুড়ে কোচিং কাঠামো শক্তিশালী করতেও নতুন পরিকল্পনা করছে বিসিবি। মোহাম্মদ সালাউদ্দিন, মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলামকে নিয়ে তিন সদস্যের একটি কারিগরি কমিটি নতুন কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) ব্যবস্থার মাধ্যমে জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় কোচদের মূল্যায়ন করবে। পাশাপাশি কোচদের জন্য কর্মশালা আয়োজন এবং যোগ্যতা অনুযায়ী গ্রেডিং ব্যবস্থা চালুরও পরিকল্পনা রয়েছে।
নতুন কাঠামোয় জেলা পর্যায়ের কোচদের বেতন অন্তত ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি। দীর্ঘদিন ধরে বেতন ও মূল্যায়ন কাঠামোতে পরিবর্তন না আসায় কোচদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।











