মেসির সাথে এক দলে খেলবেন ভোজিনহা

বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার মতো পরাশক্তিদের বিরুদ্ধে অনবদ্য সব সেভ দিয়ে রাতারাতি লাইমলাইটে চলে আসেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

বিশ্বকাপ থেকে লিওনেল মেসির বিদায়ের গল্পটা একটুর জন্যে লিখতে পারেননি, এবার সেই ভোজিনহাই এক দলে খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকার সাথে। বিশ্বকাপের ময়দানে গ্লাভস হাতে অবিশ্বাস্য পারফর্ম করেছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। তাই তো তাঁকে সরাসরি দলে ভেড়াতে চাইছে মেসির ক্লাব ইন্টার মায়ামি।

বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার মতো পরাশক্তিদের বিরুদ্ধে অনবদ্য সব সেভ দিয়ে রাতারাতি লাইমলাইটে চলে আসেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট ম্যাচে মেসিদের একের পর এক আক্রমণ যেভাবে তিনি একাই রুখে দিয়েছিলেন, তা দীর্ঘদিন মনে রয়ে যাবে যেকোনো ফুটবল ভক্তের।

পর্তুগিজ ক্লাব জি ডি শাভসের সাথে গত ৩০ জুনে চুক্তি শেষ হওয়ায় ভোজিনহা এখন সম্পূর্ণ ফ্রি এজেন্ট। ফলে কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই মায়ামি তাঁকে নিজেদের দলে নিতে পারে। আর এতে মেসির সাথে এক দলে খেলার সুযোগ হবে ভোজিনহার।

যাঁর শট ঠেকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, ভাগ্যচক্রের অবিশ্বাস্য মোচড়ে এবার তাঁর সাথেই একই ড্রেসিংরুম শেয়ার করবেন ভোজিনহা। বিশ্বকাপের প্রতিপক্ষ থেকে মায়ামির গোলবার সামলানোর এই রোমাঞ্চকর সুযোগকে ভোজিনহার ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি বলা যায়।

কেপ ভার্দের এই রূপকথার পারফরম্যান্স উত্তর আমেরিকার ফুটবলপ্রেমীদের মনে এক গভীর দাগ কেটেছে। মেক্সিকান সংবাদমাধ্যমে উঠে এসেছে, বিশ্বকাপ শেষেই ডেভিড বেকহ্যামের ম্যানেজমেন্ট দ্রুত এই চুক্তি সম্পন্ন করতে চায়। যার ফলে লিগের বাকি ম্যাচগুলোতে ভোজিনহা মাঠে নামবেন মায়ামির জার্সি গায়ে।

বিশ্বকাপের আগে তাঁর নামটাও কেউ জানতো না। সেই ভোজিনহা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গোলরক্ষক। এক বিশ্বকাপই পুরোপুরি বদলে দিয়েছে তাঁর ফুটবল ক্যারিয়ারকে। তাই তো, কেপ ভার্দে নামক এক অজানা দেশের এই ৪০ বছর বয়সী গোলরক্ষকের সামনে সুযোগ এসেছে, লিওনেল মেসির দলের গোলবার সামলানোর। 

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link