আরও একবার সুযোগ মিলল সাব্বিরের!

জাতীয় দলে ফেরার সুযোগ আবারও যেন কড়া নাড়ছে সাব্বির রহমানের দরজায়। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

জাতীয় দলে ফেরার সুযোগ আবারও যেন কড়া নাড়ছে সাব্বির রহমানের দরজায়। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর এই ডাকই তাঁর জন্য হয়ে উঠতে পারে জাতীয় দলে ফেরার সবচেয়ে বড় মঞ্চ।

বাংলাদেশ ‘এ’ দলের এই প্রস্তুতি ক্যাম্প শুধু দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল গুছিয়ে নেওয়ার জায়গাই নয়, বরং অনেক ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণেরও গুরুত্বপূর্ণ ধাপ। মাঠে আলো ছড়াতে পারলে, আর নির্বাচকদের চোখে যদি সেই ছটা পড়ে, তবেই হাতে উঠবে মূল্যবান চাবি। যা দিয়ে অনায়াসে খুলে ফেলা যাবে জাতীয় দলের দরজা। সাব্বিরের সামনেও তাই আরও একবার সুযোগ এলো এই চাবি লুফে নেওয়ার।

এই ক্যাম্পের আরেকটি বড় দিক হলো, এখান থেকেই বাছাই করা হতে পারে এমন কয়েকজন ক্রিকেটার, যারা পরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ফলে এই প্রস্তুতি পর্বে পারফরম্যান্স দেখাতে পারলে একদিকে যেমন দক্ষিণ আফ্রিকা সফরের দলে জায়গা নিশ্চিত করার সুযোগ থাকবে, অন্যদিকে জাতীয় দলের দরজাও আবার খুলে যেতে পারে।

বর্তমানে সাব্বির রহমান ইংল্যান্ডে অবস্থান করছেন। খবরটা সেখান থেকেই জেনেছেন। তবে ক্যাম্পের মাঝপথে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বাংলাদেশের জার্সিতে সাব্বির রহমান এক বিশাল আক্ষেপের নাম। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে একটা সময় স্বপ্ন দেখিয়েছেন। অবশ্য এখন সেই স্বপ্নের রঙ ফিকে হয়ে এসেছে। তবুও ৩৪ বছর বয়সী সাব্বিরের সামনে একটা পথ খুলল। সেই পথে হেঁটে যদি কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে নিতে পারেন তিনি, তবে আক্ষেপের ওপর একটু হলেও তো প্রলেপ দেওয়া যাবে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link