সৌম্য সরকার আর জাকের আলী অনিক দলে ফিরেছেন, লিটন দাসকে নিয়ে শঙ্কা ছিল তিনিও নেই আর নাহিদ রানার তো থাকার কথায় না। এমন সব বিষয়াদি নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ।
২০০৩ সালের পর অজিদের ডেরায় ফের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাদা পোশাকের এই রাজসিক লড়াইয়ে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে এখন মুখিয়ে আছে বাংলাদেশ। ঐতিহাসিক এই মিশনে টাইগারদের রণকৌশল সাজানোর নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আর সহ-অধিনায়ক হিসেবে তাঁকে সহায়তা করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিং ইউনিটে লিটনের না থাকা বিপাকে ফেলবে বাংলাদেশকে। গুরুদায়িত্ব থাকছে সৌম্য সরকার, সাদমান ইসলাম এবং তানজিদ হাসানের কাঁধে। মিডল অর্ডারে বোর্ড আস্থা রাখছে মমিনুল হক সৌরভ ও দলের সবচেয়ে অভিজ্ঞ সেনানী উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের ওপর। স্কোয়াডে ব্যাকআপ হিসেবে আছেন প্রথম শ্রেণিতে ১১টি সেঞ্চুরির মালিক অমিত হাসান। আছেন জাকের আলী অনিকও।
বোলিংয়ে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত ঘূর্ণির সঙ্গে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর সৈয়দ খালেদ আহমেদের পেস অস্ত্র। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা ইবাদত হোসেন চৌধুরীও ঠাঁই পেয়েছেন স্কোয়াডে। সাথে থাকছেন তরুণ তুর্কি মুসফিক হাসান। তবে নাহিদের না থাকায় একটা দুশ্চিন্তা তো থেকেই যায়।

আগামী ৩১ জুলাই ক্যাঙ্গারুদের দেশে উড়াল দেবে বাংলাদেশ। ডারউইনের সবুজ পিচে ১৩ আগস্ট থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ২১ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট হবে ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এর আগে ডিএক্সসি অ্যারেনায় ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন শান্তরা।










