লা লিগায় নতুন মুখ ও মেগাস্টারদের মহারণ

স্প্যানিশ ফুটবলের রাজত্ব দখলের নতুন মৌসুমে আবারও প্রস্তুত ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল মঞ্চ। এই লিগ একদিকে যেমন বিশ্বসেরা মেগাস্টারদের দাপট, অন্যদিকে উদীয়মান তরুণ খেলোয়াড়দের নিজেদের চেনানোর মঞ্চ।

​স্প্যানিশ ফুটবলের রাজত্ব দখলের নতুন মৌসুমে আবারও প্রস্তুত ইউরোপের অন্যতম সেরা ফুটবল মঞ্চ লা লিগা। এই লিগ একদিকে যেমন বিশ্বসেরা মেগাস্টারদের দাপট, অন্যদিকে উদীয়মান তরুণ খেলোয়াড়দের নিজেদের চেনানোর মঞ্চ। ২০২৬-২৭ লা লিগা মৌসুমে ফুটবলপ্রেমীদের চোখ কাদের ওপর থাকবে? চলুন দেখে নেওয়া যাক।

​লা লিগার প্রধান আকর্ষণ নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের তারকাখচিত আক্রমণভাগ। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড়েরা নিজেদের সেরা ফর্ম দেখিয়েছেন। স্বাভাবিকভাবেই মাদ্রিদের আক্রমণভাগের নেতৃত্ব থাকছে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা কিলিয়ান এমবাপ্পের কাঁধে।

তাঁকে সঙ্গ দিতে বাম উইংয়ে প্রস্তুত থাকেন ভিনিসিয়াস জুনিয়র, যার চটজলদি ড্রিবলিং প্রতিপক্ষের ফুলব্যাকদের জন্য সবসময় এক আতঙ্কের নাম। আর মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে গোল করার নিখুঁত ক্ষমতা নিয়ে পুরো দলের ভারসাম্য ধরে রাখছেন ইংরেজ মিডফিল্ডার জুড বেলিংহাম।

তবে রিয়ালের এবারের সবচেয়ে বড় চমক হচ্ছে আরবি লাইপজিগ থেকে ক্লাবের রেকর্ড ট্রান্সফারে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দে। তাঁর বিধ্বংসী গতি ও দুর্দান্ত ড্রিবলিং মাদ্রিদের উইংকে এক নতুন মাত্রা এনে দিয়েছে।

​অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা মাঠে নামছে তারুণ্য, অভিজ্ঞতা এবং নতুন বড় চমকের সুষম মেলবন্ধন নিয়ে। স্পেন বিশ্বকাপ জেতার সুবাদে একঝাঁক বিশ্বজয়ী আত্মবিশ্বাসী তরুণ খেলোয়াড়দের নিয়ে এবারের যাত্রা শুরু করবে হ্যান্সি ফ্লিকের দল।

নামের পাশে বিশ্ব চ্যাম্পিয়ন ট্যাগ থাকায় স্বাভাবিকভাবেই সবার বাড়তি নজর থাকবে লামিন ইয়ামাল, দানি ওলমো ও পাউ কুবার্সিদের উপর। তবে সেই সাথে বার্সার আক্রমণভাগের দৃঢ়তা বাড়াতে প্রায় ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যুক্ত হয়েছেন ইংলিশ তারকা এন্থনি গর্ডন।

দুই পরাশক্তির মেগাস্কোয়াডের বাইরেও ট্রফি ও ইউরোপীয় মঞ্চের লড়াই জমিয়ে তুলতে তৈরি অন্যান্য ক্লাবের তারকারা। ডিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ এখন প্রধান ভরসা। প্রতিপক্ষের বক্স থেকে নিজেদের অর্ধ পর্যন্ত টানা প্রেস করার ক্ষমতা ও সুযোগসন্ধানী ফিনিশিং দিয়ে তিনি সিমিওনের কৌশলের মূল ভিত্তি হয়ে উঠেছেন।

একইভাবে বাস্ক অঞ্চলের দল অ্যাথলেটিক বিলবাওয়ের আক্রমণভাগে ঝড়ের নাম নিকো উইলিয়ামস, যাঁর বিদ্যুৎগতির ড্রিবলিং যেকোনো শক্ত ডিফেন্স চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার তরুণ প্রতিভা জাভি গুয়েরা মাঝমাঠের লড়াইয়ে দুর্দান্ত আলো ছড়াচ্ছেন।

নতুন সাইনিংদের নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার পরীক্ষা, প্রবীণদের পরিণত কৌশল আর তরুণদের অদম্য গতি – সব মিলিয়ে ২০২৬-২৭ মৌসুমে লা লিগার ট্রফি কার ঘরে উঠবে, তা দেখতে অধীর আগ্রহে প্রহর গুনছে পুরো ফুটবল বিশ্ব।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link