ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সান্ডারল্যান্ডের হয়ে একাই লড়ে গেলেন ব্রায়ান ব্রোবে। ম্যাচ জুড়ে অনবদ্য পারফরম্যান্সে এঞ্জো মারেসেস্কার ডিফেন্স লাইন ভেদ করে তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক! ম্যাচের শুরু থেকেই সান্ডারল্যান্ডের আক্রমণভাগের মূল কান্ডারি ছিলেন এই ডাচ স্ট্রাইকার, সিটি যতবারই লিড নিয়ে এগিয়ে গেছে, ততবারই প্রতিপক্ষ গ্যালারিকে স্তব্ধ করে দিয়েছেন তিনি।
ম্যাচের ১২তম মিনিটে সান্ডারল্যান্ডের গুছানো আক্রমণের শেষ ধাপে বক্সের কেন্দ্রস্থল থেকে ডান পায়ের নিখুঁত শটে প্রথম গোলটি করেন ব্রোবে। সিটির রক্ষণভাগ যখনই কিছুটা সামলে ওঠার চেষ্টা করে, ঠিক ৩৩তম মিনিটে আবারও ডি-বক্সের ভেতর দারুণ পজিশন নিয়ে ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি।

এরপর সিটির একের পর এক আক্রমণে ম্যাচ হাতছাড়া হওয়ার উপক্রম হলে, ৫৯তম মিনিটে মিডফিল্ডের থ্রু পাস ধরে খুব কাছ থেকে ডান পায়ের ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই স্ট্রাইকার।
সিটির হাই প্রেস এবং বল পজিশনভিত্তিক খেলার সুবিধা নিয়ে ডিফেন্সিভ ব্লক তৈরি করেছিল রেগিস রো ব্রিসের সান্ডারল্যান্ড। ম্যান সিটির ফুলব্যাকরা আক্রমণে উঠলে তাদের পেছনে তৈরি হওয়া খালি জায়গা ব্যবহার করে সান্ডারল্যান্ডের মিডফিল্ডাররা দ্রুত থ্রু পাস বাড়াতে থাকে।

ব্রায়ান ব্রোবের অসাধারণ পাওয়ার, অফ-দ্য-বল রানিং এবং ডিফেন্ডারদের বডি চেক দিয়ে ফাঁকি দেওয়ার দক্ষতা এই ট্যাকটিক্সকে কার্যকর রূপ দেয়। সিটির হাই লাইন ডিফেন্সের সুযোগ নিয়ে ব্রোবের এই ক্লিনিক্যাল অফেনসিভ রানিং বারবার এঞ্জো মারেস্কার দলকে বিপদে ফেলেছে।











