ইন্দোরে অভিষেক শো উপভোগ করলো ওয়েস্ট ইন্ডিজ

গত ম্যাচে ২৪৯ রান করেও জিততে পারেনি ভারত। রাঁচির সেই ক্ষত নিয়েই রোববার ইন্দোরে নামলেন অভিষেক শর্মা, আর মনে মনে যেন পণ করে রেখেছিলেন, এবার এমন টার্গেট দেব যে কেউ ধারেকাছেও ঘেঁষতে পারবে না।

বোলার কে, সেটা দেখার সময় তাঁর ছিল না। দরকার ছিল শুধু রান। শামার জোসেফের গতির বলে সাঞ্জু স্যামসন ৩ রানে ফিরে গেলেন, চাপ বাড়ার কথা ছিল। কিন্তু চাপ পড়ল ওয়েস্ট ইন্ডিজের ঘাড়েই। রস্টন চেজের দ্বিতীয় ওভারে একটা চার আর পরপর দুটি ছক্কায় এল ১৮ রান, আর তখনই বোঝা গেল  গল্পটা কার হতে যাচ্ছে।

এক্সট্রা কাভার তাঁর প্রিয় জায়গা, সবচেয়ে বেশি রানও এল সেখান দিয়েই। পাওয়ারপ্লেতে ওই জায়গা আটকানো এমনিতেই কঠিন, তবু ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করল। লাভ হলো না, বল উড়ে উড়ে সীমানা পার হচ্ছিল, ফিল্ডাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। ২০ বলের মধ্যে ফিফটি করলেন অষ্টমবার, ছয় ওভারের মধ্যে পঞ্চাশ ছুঁলেন সপ্তমবার। এই দুই তালিকাতেই আর কেউ তাঁর ধারেকাছে নেই।

একসময় মনে হচ্ছিল আরেকটা সেঞ্চুরি বুঝি আসছেই। কিন্তু ঝড় থামল ৩০ বলে ৬৯ রানে, ছয় চার আর পাঁচ ছক্কার পর। শামার স্প্রিঙ্গারের শর্ট বলে পুল করতে গিয়ে বল উঠল সোজা আকাশে, আর বোলার নিজেই ক্যাচ নিলেন।

ঝড়ের পর যা হয়, তাই হলো, চারদিকে শুধু ভাঙনের চিহ্ন। মাত্র ১০ বলে ৯ রানে তিন উইকেট পড়ে গেল ভারতের। ২৪০ ছাড়ানো স্কোরের যে স্বপ্ন এতক্ষণ দেখা হচ্ছিল, সেটা ১২৪ রানে ৪ উইকেটে এসে হঠাৎ ছোট হয়ে গেল।

অভিষেক সব দিয়েছিলেন, বাকিটা আর তাঁর হাতে ছিল না।

Share via
Copy link