সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে আল নাসর। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা এখন ৯৮৫টি। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করতে তিনি এখন মাত্র ১৫ গোল দূরে রয়েছেন।
রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়ে একক নৈপুণ্যে আলো ছড়িয়েছেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধে দলের বাকিরা গোলের দেখা পেলেও দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচ নিজের চেনা ছন্দে নিয়ন্ত্রণ করেন পর্তুগিজ মহারাজ। ম্যাচের ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল থেকে বক্সের একেবারে কাছ থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো।

এরপর ম্যাচের ৭২ মিনিটে আবারও জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে একেবারে কাছ থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান সিআর সেভেন, যা স্কোরলাইন ৪-২ করে। সবশেষে ম্যাচের ৮১ মিনিটে সাদিও মানের অ্যাসিস্টে বক্সের কেন্দ্র থেকে ডান পায়ের শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।
ক্যারিয়ারের এই লগ্নে এসে রোনালদোর প্রতিটি গোল যেন রেকর্ড বইকে নতুন করে লেখার প্রত্যয়। আর সময়ের সীমানাকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবলকে ভালোবেসে যাওয়ার অদম্য এক জীবন্ত প্রতিচ্ছবি এই পর্তুগিজ ম্যাজিশিয়ান।ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন কেবল ১৫টি গোলের দূরত্বে দাঁড়িয়ে আছেন তিনি।












