১৪ বলে ৬০ রান, আটটা ছক্কা, স্ট্রাইক রেট ৪২৮। হাবিবুর রহমান সোহানের এমন ইনিংসের পরও জয়ের গল্প লিখতে ব্যর্থ বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে এক উইকেটে হেরে হংকং সিক্সেসের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হলো।
ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও ছিলেন সোহান। প্রথম ওভারেই একাই তুলে নেন ১৭ রান, দ্বিতীয় ওভারে অফ স্পিনার জোরিচ ফন শাল্কভিকের ওপর দিয়ে গেল চারটা ছক্কা। শেষমেষ ৬০ রানের ইনিংস খেলে তবেই মাঠ ছাড়েন সোহান।সোহানের জায়গায় নামা মৃত্যুঞ্জয় চৌধুরী নেমেও তাণ্ডব চালান। তাঁদের ব্যাটে বাংলাদেশ তোলে ১২৯ রান।
জেতার মতো স্কোরই ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা পাত্তাই দিলেন না। প্রথম ওভারে দুই উইকেট পড়ার পরও ২০ রান উঠে গেল, তার বেশির ভাগই শাল্কভিকের ব্যাট থেকে। এরপর প্রায় প্রতিটি ওভারেই আসতে থাকল ২০-এর কাছাকাছি রান। সোহান নিজেও বল করতে এসে চারটা ছক্কা খেলেন, শাল্কভিকের ওভারে নিজে যতগুলো মেরেছিলেন ঠিক ততগুলোই।

শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২১ রান, আহরার আমিনের প্রথম তিন বলে এল মোটে পাঁচ। তখনো বাংলাদেশের আশা ছিল, কারণ তিন বলে লাগছিল ১৬। কিন্তু শাল্কভিক তিন বলেই ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিলেন, ২০ বলে ৭৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও হলেন তিনি।
ব্যাটিংয়ে বাংলাদেশ ওভারপ্রতি তুলেছিল সাড়ে ২১ রান, আর বোলিংয়ে দিয়ে ফেলল ২২। সোহানের এত বড় ঝড় হার মানল ওই আধ রানের ফারাকের কাছেই।










