বিশ্বকাপের ফাইনাল দেখতে যতটা আগ্রহ, তার চেয়েও বেশি কি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে? ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদনে অন্তত তেমন ইঙ্গিতই মিলছে। শিরোপা নির্ধারণী ম্যাচকে পেছনে ফেলে দর্শক আগ্রহের শীর্ষে উঠে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই। খেলা শুরু হওয়ার প্রায় এক বছর আগেই যেন শুরু হয়ে গেল উন্মাদনা! ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ। বিপরীতে ফাইনালের টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ৮০ লাখ সমর্থক।
বিশ্বকাপের টিকিট ঘিরে এমন উন্মাদনার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে সংস্থাটি জানায়, এখন পর্যন্ত ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। সব মিলিয়ে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১২ কোটি।

জিম্বাবুয়েতেও বিশ্বকাপ ঘিরে আগ্রহের কমতি নেই। দেশটিতে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। বিশেষ করে ভিক্টোরিয়া ফলসে নবনির্মিত ‘মোসি-ওআ-তুনিয়া’ স্টেডিয়ামে ২৪ অক্টোবরের জিম্বাবুয়ে-ভারত ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে। ম্যাচটির টিকিট পেতে আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি।
নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ। এসব ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দেখতে আগ্রহ প্রকাশ করেছেন প্রায় ৯ লাখ ক্রিকেটপ্রেমী।

টিকিটের জন্য সবচেয়ে বেশি সাড়া দেওয়া দেশগুলোর তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই এসেছে ১ কোটি ৪৯ লাখের বেশি আবেদন।
আগামী ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে শুরু হবে ১৪ দলের এই বিশ্বকাপ। ২১ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। তিন দেশের ১২টি শহরে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ।











