কামব্যাকের অপর নাম রিয়াল মাদ্রিদ

জীবনের কোনো এক অসময়ে যখন চারপাশ অন্ধকার ঠেকে, সবকিছু অসম্ভব মনে হয় - তখন একজন রিয়াল সমর্থক হিসেবে বুকভরা বিশ্বাসে জেনেই রাখবেন, রেফারির শেষ বাঁশি বাজার আগে রিয়াল মাদ্রিদের মতো জীবনের খেলায়ও কখনো কোনো সমাপ্তি নেই।

ডিকশনারিতে ‘কামব্যাক’ শব্দটির হয়তো কোনো প্রয়োজনই ছিল না। অভিধানের পাতা থেকে এই একটি শব্দ মুছে ফেলে অনায়াসেই শুধু ‘রিয়াল মাদ্রিদ’ লিখে দিলেও পৃথিবীর কোটি কোটি ফুটবলপ্রেমী ঠিকই অর্থ বুঝে নিত। গ্রিসের মাটিতে এ ই কে এথেন্সের বিপক্ষে ৩-২ গোলের এই নাটকীয় জয়টি লস ব্লাঙ্কোসদের পুরোনো সেই ঐতিহ্যেরই পুনরাবৃত্তি। নির্ধারিত সময়ের ঠিক অন্তিম মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম আর ফেদেরিকো ভালভার্দের পায়ে চড়ে খাদের কিনারে দাঁড়িয়েও জয় ছিনিয়ে আনে স্প্যানিশ জায়ান্টরা।

ঘড়ির কাঁটায় তখন ৭৫ মিনিট। ট্র‍্যাভোস পিলিওসের গোলে ২-১ এ এগিয়ে যায় এথেন্স। তবে দলটি যখন রিয়াল মাদ্রিদ, তখন শেষ বাঁশি বাজার আগে জয় ধরে নেওয়া মানেই নিশ্চিত পরাজয়।

ঠিক তিন মিনিট পরেই ডান পায়ের জাদুদের মাদ্রিদকে সমতায় ফেরান এমবাপ্পে। ২-২ স্কোর লাইন নিয়েই ম্যাচ প্রায় সমাপ্তিলগ্নে ছিল। কিন্তু এডেড টাইমের একদম শেষ মুহুর্তে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্ট থেকে গোল করে এথেন্সের বুক থেকে জয় এক প্রকার ছিনিয়েন নেন ফেদেরিকো ভালভার্দে।

মাঠের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন কেবল একটি রাতের গল্প নয়, চলতি ২০২৬-২৭ মৌসুমের প্রতিটি পাতায় খোদাই করা আছে এমন সব লড়াকু উপাখ্যান। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে রোমার মাঠে আশির মিনিট পেরিয়েও যখন ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল, তখন পরাজয় ছিল চোখের সামনে স্পষ্ট।

কিন্তু শেষ মুহূর্তে কার্লোস এস্পির গোল, এমবাপ্পের সমতা এবং  অ্যান্তোনিও রুডিগারের জয়সূচক হেডে ঠিকই ছিনিয়ে আনা হয়েছিল অবিশ্বাস্য এক জয়। লা লিগার শুরুর দিকে এস্পানিওলের মাঠে ২-১ ব্যবধানের কঠিন জয় কিংবা বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৭২ মিনিটে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয়েও ম্যাচ বের করে নেওয়ার চিত্রগুলো বলে দেয় – ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদ কখনো হারে না।

মাঠের এই সবুজ ঘাসের ক্যানভাস জীবনের আঙিনায়ও এঁকে দেয় এক গভীর সত্য। জীবনের কোনো এক অসময়ে যখন চারপাশ অন্ধকার ঠেকে, সবকিছু অসম্ভব মনে হয় – তখন একজন রিয়াল সমর্থক হিসেবে বুকভরা বিশ্বাসে জেনেই রাখবেন, রেফারির শেষ বাঁশি বাজার আগে রিয়াল মাদ্রিদের মতো জীবনের খেলায়ও কখনো কোনো সমাপ্তি নেই।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link