ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে তখন বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, তাও আবার দাপুটে পারফরম্যান্সে। কিন্তু সেই আনন্দের আয়ু যে এতটা কম হবে, তা হয়তো সবচেয়ে আশাবাদী সমর্থকও ভাবেননি! এরপর থেকে যে জিততেই ভুলে গেছে দলটা।
ডারউইনের সেই ঐতিহাসিক জয়ের পর কেটে গেছে প্রায় তিন মাস। এই সময়ে বাংলাদেশ মাঠে নেমেছে ৮টি ম্যাচে, খেলেছে একের পর এক ম্যাচ, বদলেছে প্রতিপক্ষ, বদলেছে ভেন্যু; শুধু বদলায়নি ফলাফলের হতাশাজনক চিত্র। জয় যেন ডারউইনেই রেখে এসেছে বাংলাদেশ!
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের হার দিয়ে শুরু। এরপর এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটের হার, আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে পরাজয়। প্রথমবারের মতো পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে গেলেও প্রত্যাশার ছিঁটেফোঁটাও পূরণ করতে পারেনি লাল-সবুজের পতাকাবাহীরা!

এরপর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ড্র করে কিছুটা স্বস্তি ফিরলেও ত্রিদেশীয় সিরিজে সেই পুরোনো চিত্রের পুনরাবৃত্তি। দীর্ঘ প্রায় ৭ বছর পরে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, আর তাতেই প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। প্রতিপক্ষও যে খুব একটা আহামরি ছিল না। কিন্তু জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার, শারজায় আফগানিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়।
এরপর ঘরের মাঠে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হার। সিলেট টেস্টে ড্র করে অবশ্য হার এড়ানো গেছে। তবে জয় নামের সোনার হরিণের দেখা মেলেনি সেখানেও।
ডারউইনের সেই জয়ের পরে বাংলাদেশ খেলেছে নয় ম্যাচ! নয়টি ম্যাচে জয় শূন্য, হার ছয়টি, ড্র দুটি আর পরিত্যক্ত একটি। অস্ট্রেলিয়ার মতো দলকে তাদের মাটিতে হারিয়ে যে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল, সেই বাংলাদেশই পরের তিন মাসে যেন জয়ের ঠিকানাটাই হারিয়ে ফেলেছে।

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানো কি তবে শুধুই ক্ষণিকের বিস্ময় ছিল নাকি সেই জয়ের আনন্দেই আত্মতুষ্টির ঘোরে ডুবেছিল টাইগাররা? এই নিয়েই যেন মিলাতে হচ্ছে সমীকরণ! যে দল অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য দেখিয়েছিল, সেই দলের কাছেই এখন নিয়মিত জয়ের প্রত্যাশা করাটা যেন বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়।
ডারউইনে অস্ট্রেলিয়া বধ করে ইতিহাস লিখেছিল বাংলাদেশ, অথচ পরের তিন মাসে জয়ের খাতায় নতুন করে একটি লাইনও যোগ করতে পারেনি। ইতিহাস গড়ার পর অন্তত জেতার পথটা যে ভুলে যাওয়ার কথা ছিল না!











