সেরার আসনটা এখনও বাবর আজমের দখলে। তাঁকে এখনও ছাড়িয়ে যেতে পারেনি কোন ব্যাটার। চলতি বছরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে এমন এক নজির গড়েছেন, যা আর কারো নামের পাশে নেই। ন্যূনতম ১০ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে এ বছর টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড় বাবরের দখলে। ৬টি টেস্টের ১১ ইনিংসে ব্যাটিং করে ৫০.৫৫ গড়ে তাঁর সংগ্রহ ৪৫৫ রান।
এই তালিকায় বাবরের পরেই রয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। ৭টি টেস্টের ১২ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৪৬.৫০। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমও। ১৩ ইনিংসে ৫৩০ রান করা এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারের গড় ৪৪.১৬। তালিকার বাকি দুই জায়গায় রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের জো রুট। এ বছর টেস্টে তাঁদের ব্যাটিং গড় যথাক্রমে ৪২.০৯ ও ৪১.৭৫। তবে ৫০-এর উপর গড় নিয়ে বাবর সবার উপরেই।
তবে বাবরের কীর্তি কেবল এখানেই সীমাবদ্ধ নয়। চলমান শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে অর্ধশতক হাঁকিয়ে পাকিস্তান ক্রিকেটের অধিনায়কত্বের ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন তিনি। যেখানে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন মিসবাহ উল হক।

মাত্র ৫৮ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ওয়ানডে মেজাজে ফিফটি তুলে নিয়ে বাবর পাকিস্তানের অধিনায়ক হিসেবে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার ক্ষেত্রে মিসবাহর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান ভাগ করে নিয়েছেন। দুজনেরই এমন ইনিংসের সংখ্যা এখন ৭০টি।
অবশ্য এই মাইলফলকে পৌঁছাতে মিসবাহর তুলনায় অনেক কম ম্যাচ খেলতে হয়েছে বাবরকে। পাকিস্তানের অধিনায়ক হিসেবে মিসবাহ ১৫১ ম্যাচে ১৮৯ ইনিংসে ব্যাটিং করে ৭০ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন। সেখানে বাবর ১৫৩ ম্যাচে ১৬৪ ইনিংসেই ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারকে। জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হকদের মতো কিংবদন্তিরা রয়েছেন এই তালিকায় বাবর-মিসবাহর পেছনে!
সাম্প্রতিক সময়ে বাবর খুব বেশি ছন্দে নেই। বিশেষ করে অন্য দুই ফরম্যাটে। তবে সাদা পোশাকে তিনি ধারাবাহিকতা বজায় রেখেছেন। অন্তত চলতি বছরের পরিসংখ্যান সেই কথায় বলে।












