ফুটবল বিশ্বের মানচিত্রে ‘কোমো’ নামটি একসময় ছিল বড্ড অচেনা, ইতালিয়ান ফুটবলের আড়ালে ঢাকা পড়া এক নাম। ঠিক যেমন ১৯৮৪ সালের আগে নাপোলি মানেই ছিল ইতালির অভিজাত ক্লাবগুলোর কাছে এক প্রকার উপেক্ষিত দল। ইতিহাস বলে, সেই নাপোলিকে এক জাদুকরি ছোঁয়ায় শূন্য থেকে টেনে তুলে ইউরোপের চূড়ায় বসিয়েছিলেন ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।
ঠিক সাড়ে তিন দশক পর, ইতালিয়ান ফুটবলের রূপকথার পাতায় আরেকটি নাপোলি-ম্যারাডোনা অধ্যায়ের সুবাস পাওয়া যাচ্ছে। আর সেই রূপকথার প্রধান নায়ক – আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজ!
১৯৮৪ সালে নাপোলিতে যখন ম্যারাডোনার পা পড়েছিল, তখন দক্ষিণ ইতালির ক্লাবটি মিলান বা জুভেন্টাসের মতো পরাশক্তিদের সামনে নিতান্তই অসহায়। কিন্তু একা হাতে পুরো ক্লাবকে বদলে দিয়েছিলেন ম্যারাডোনা। নাপোলিকে এনে দিয়েছিলেন তাদের ইতিহাসের প্রথম সেরি আ শিরোপা ও উয়েফা কাপ।

আজ কোমোর ক্ষেত্রেও গল্পটা অনেকাংশে একই রকম। লেক কোমোর পাড়ের এই ক্লাবটি দীর্ঘদিন ধুঁকছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে উড়ে আসা নিকো পাজের অনবদ্য সৃষ্টিশীলতায় কোমোর ভাগ্য এখন আমূল বদলে গেছে।
নি:সন্দেহে কোমো সমর্থকদের প্রাণভোমরা এখন এই আর্জেন্টাইন ইয়াংস্টার। মাঝমাঠে বল পায়ে তাঁর নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং গোল করার অবিশ্বাস্য ক্ষমতা কোমোকে ইউরোপের পরাশক্তিতে পরিণত করেছে।
চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) প্রথম চার ম্যাচের তিনটিতেই জয় ছিনিয়ে নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে কোমো! ইউরোপসেরা মঞ্চে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা লেন্সের মতো নামি ক্লাবগুলোকে পাত্তা না দিয়ে একচ্ছত্র দাপট দেখাচ্ছে ফ্যাব্রিকাস ও নিকো পাজের দল।

ইউরোপের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও সমান ছন্দে ছুটছে ক্লাবটি। সেরি আ-তে ১১ ম্যাচের নয়টিতেই অপরাজিত থেকে লিগ টেবিলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে দেওয়া এবং বড় মঞ্চে দলের বিপদের সময় ত্রাতা হয়ে দাঁড়ানো – নিকোর মাঠে নামা মানেই যেন তরুণ ম্যারাডোনার সেই ক্ষুরধার উপস্থিতিকেই মনে করিয়ে দেওয়া।
আর্জেন্টিনার জার্সিতেও নিকো পাজকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী। ম্যারাডোনা ও লিওনেল মেসির দেশটিতে প্রতিভার কমতি কখনো ছিল না।
কিন্তু নিকোর খেলার ধরন ও ব্যক্তিত্বে সেই চিরচেনা লাতিন ম্যাজিক এবং জয়ের তীব্র ক্ষুধা স্পষ্ট। ইতালির ছোট্ট শহর কোমো এখন বুঝেছে আসল ফুটবল সৌন্দর্য কী – আর এই পুনর্জাগরণের মূল কারিগর যে নিকো পাজ, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।












