ম্যাচের ২২তম মিনিট, গোলবারে লেগে ফিরে এলো বল, বাংলাদেশের ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সম্ভাবনা মিলিয়ে যায় সেখানেই, মাত্র দুই আঙুলের ব্যবধান আরও একবার এক অসীম আক্ষেপ আর অপেক্ষার গল্প লিখে রাখল। সেমিফাইনালে পাকিস্তান হারিয়ে দিল হামজা চৌধুরিদের, সব স্বপ্নের সলিল সমাধি এখানেই।
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে দেওয়ার পর হামজাদের নিয়ে নতুন স্বপ্নের বীজ বপন করা হয়। এই দলটা সেমিফাইনালে পাকিস্তানকে হারাবে, ফাইনালে গিয়ে ২৩ বছর ধরে অধরা ট্রফিটা ছুঁয়ে দেখবে। ম্যাচের শুরুটা সেই কল্পনায় প্রশান্তির আঁচড় দিয়ে যাচ্ছিল। পাকিস্তানের একের পর এক আক্রমণের পাল্টা জবাব চোখে চোখ রেখেই দিচ্ছিল বাংলাদেশ।
২২তম মিনিট যার প্রতিফলন। সোমিত সোমের হেড থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শট নেন রাকিব হোসেন। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট বলটি প্রথম দফায় আটকালেও তা হাত ফসকে পোস্টে লেগে ফিরে আসে। গোললাইন থেকে তফাৎ স্রেফ দুই আঙুল। তখনও হয়তো কেউ ভাবেনি, ওখানেই সব হারানোর গান লেখা হয়েছে।

প্রথমার্ধে কোনো গোল আসেনি। আক্রমণ আর তার জবাবেই শেষ হয়েছে সবকিছু। পাকিস্তানের জমাট রক্ষণের সামনে বারবার প্রতিহত হয়েছে বাংলাদেশ, ঢুকে গিয়েও শট নিয়েও খালি হাতেই ফিরে আসতে হয়েছে। বিরতির পর মাঠে নেমে সময় বদলালেও বদলায়নি গল্পটা। তবে পাকিস্তান তখন চালকের আসনে বসে স্টিয়ারিং ধরে নিয়েছে।
৮৫তম মিনিটে সবকিছুর ইতি ঘটে। গোলরক্ষক শ্রাবণের একটা ভুল, সব লড়াইয়ের অবসান ঘটায়। সেই ভুল কাজে লাগিয়ে পাকিস্তানের আবদুল সামাদ বল নিয়ে দ্রুত এগিয়ে যান এবং শক্তিশালী বাঁ পায়ের শটে গোলপোস্টের নিচের কোণ দিয়ে বল জালে জড়ান। ডেডলক ভেঙে যায়, এগিয়ে যায় পাকিস্তান।
পিছিয়ে পড়া বাংলাদেশ আর ফিরতে পারেনি। আক্ষেপ আর হতাশায় শেষ মুহূর্তে ক্ষোভের উদ্গিরণ ঘটিয়েছে কেবল। শেষ বাঁশি বাজার আগে জিদান, ইউসুফ আর আবদুল সামাদ ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যান। তবে তাতে আর রং বদলায়নি ম্যাচের। ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন, ২১ বছর পর ফাইনালে পা রাখার আনন্দ, সব মাটি করে সাফের মিশন শেষ করে হামজারা। সবকিছু থেকে যায় একটা লাইন, চাইলেই কি সব পাওয়া যায়?











