সময়ের কী বিচিত্র পরিহাস! যে পায়ের জাদু একদিন মাতিয়েছিল ফুটবলবিশ্ব, আজ সেই পায়ের মালিক বন্দি কারাগারের চার দেয়ালে। যে নাম একসময় প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়াত, সেই নামই এখন উচ্চারিত হয় এক ভয়াবহ অপরাধের পরিণতির সঙ্গে। কিন্তু হাজার মাইল দূরে ইতালির সবুজ গালিচায় নতুন স্বপ্নের বীজ বুনছেন তাঁরই ছেলে। সময়ের ব্যবধানে দুজনের ঠিকানা আলাদা, বাস্তবতাও ভিন্ন। বলছিলাম ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো ও তাঁর ছেলে রবিনহো জুনিয়রের কথা!
মাত্র ১৮ বছর বয়সেই আলোচনায় এসেছেন রবিনহো জুনিয়র। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচে করেছেন জোড়া গোল। ৯-০ ব্যবধানের জয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে সবার। বর্তমানে ইতালির ক্লাব জেনোয়ায় খেলছেন তিনি। উত্তরাধিকার হিসেবে পেয়েছেন পরিচিত একটি নাম, এখন সেই নামের পাশে নিজের কীর্তি যোগ করার অপেক্ষা!
১৯ বছর আগে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ব্রাজিলের সান্তোসে জন্ম রবসন ডি সুজা জুনিয়রের। ছোটবেলা থেকেই বল পায়ে ছিলেন স্বচ্ছন্দ। স্থানীয় ক্লাব পোর্তুয়ারিসে ফুটবলের হাতেখড়ি। শৈশবের কোচ রবসন ফার্নান্দেজের চোখে, পাঁচ-ছয় বছর বয়সেই জুনিয়রের ড্রিবলিং ও বল নিয়ন্ত্রণ ছিল ব্যতিক্রমী। এমনকি বাঁ পায়ের ড্রিবলিংয়ে বাবাকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখেছিলেন তিনি।

২০২২ সালে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন জুনিয়র রবিনহো। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ক্যাম্পেওনাতো পলিস্তা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নয় গোল করে হন যৌথ সর্বোচ্চ গোলদাতা। ২০২৫ সালে জায়গা পান মূল দলে। বাবার মতোই গায়ে জড়ান সান্তোসের সাত নম্বর জার্সি। একই বছরের জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর।
তবে বাবার ক্লাবে ছেলের পথচলা মসৃণ ছিল না। মূল দলে নিয়মিত সুযোগ না পাওয়া এবং খেলার সময় নিয়ে অসন্তোষের পর নতুন ঠিকানা খুঁজতে শুরু করেন জুনিয়র। ২০২৬ সালের ২ সেপ্টেম্বর এক মৌসুমের ধারে ইতালির জেনোয়ায় যোগ দেন তিনি। চুক্তিতে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রয়েছে ক্লাবটির। জেনোয়ার বয়সভিত্তিক দলে তিন ম্যাচে তিন গোল ও একটি অ্যাসিস্ট করে নজর কাড়েন। এরপর রোমার বিপক্ষে সিরি ‘আ’তে অভিষেক হয় তাঁর।
জেনোয়া কোচ ড্যানিয়েল ডি রসি জুনিয়রের ফুটবলীয় বুদ্ধিমত্তা ও কার্যকারিতার প্রশংসা করেছেন। তবে শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। অর্থাৎ প্রতিভার স্বীকৃতি মিললেও সামনে নিজেকে আরও পরিণত করার পরীক্ষা রয়েছে।

জাতীয় দল নিয়েও তাঁর সামনে রয়েছে দুটি সম্ভাবনা। মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালীয় নাগরিকত্ব থাকায় ইতালির হয়েও খেলার যোগ্যতা রয়েছে জুনিয়রের। তবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে জোড়া গোলের অভিষেক তাঁকে আপাতত সাম্বা ফুটবলের আলোচনায় খুব ভালো করেই রেখেছে। জাতীয় দলে কোন দলের জার্সিতে দাপিয়ে বেড়াতে চান তিনি, সেটাও যে দেখার বিষয়!
অন্যদিকে রবিনহোর জীবনের গতিপথে নেমে এসেছে অনিবার্য অন্ধকার। ২০১৩ সালে ইতালির মিলানে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে নয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের মার্চে ব্রাজিলে গ্রেপ্তার হন সাবেক এই ফুটবলার। সেই থেকে কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠেই কাটছে তাঁর দিন।
একই নামের সঙ্গে জড়িয়ে আছে দুই বিপরীত আখ্যান। একদিকে ফুটবলীয় নৈপুণ্যের দীপ্ত উত্তরাধিকার, অন্যদিকে গুরুতর অপরাধের কলঙ্কিত অধ্যায়। সেই উত্তরাধিকারের ভার নিয়েই এগিয়ে চলেছেন রবিনহো জুনিয়র। তবে বাবার কীর্তি কিংবা কলঙ্ক, কোনোটির প্রতিচ্ছবি হয়ে নয়, নিজের সামর্থ্য ও স্বকীয়তায় নির্মাণ করতে চান স্বতন্ত্র পরিচয়। সান্তোসের সাত নম্বর জার্সি থেকে জেনোয়ার সবুজ গালিচা, ব্রাজিলের বয়সভিত্তিক দল থেকে ইউরোপের ফুটবল, এভাবেই আগাচ্ছেন তিনি। বাবার পরিচয় ছাপিয়ে ছেলে নিশ্চয়ই চাইবে নিজকে একেবারে কলঙ্ক মুক্ত করতে!

বাবার জীবন থমকে গেছে কারাগারের অন্তরালে, অথচ ছেলের সামনে পড়ে আছে অনাগত দিনের অসংখ্য পৃষ্ঠা। উত্তরাধিকার সূত্রে পেয়েছেন একটি পরিচিত নাম, কিন্তু সেই নামের পাশে নিজের কীর্তির স্বাক্ষর রাখার দায় একান্তই তাঁর। সময়ই বলে দেবে, রবিনহো জুনিয়র কেবল কিংবদন্তিতুল্য এক ফুটবলারের সন্তান হয়েই থাকবেন, নাকি নিজের নৈপুণ্যে রচনা করবেন স্বতন্ত্র এক ফুটবল উপাখ্যান।











