সাইফের দায়িত্বশীল ব্যাটিং, রাব্বির তাণ্ডবে বাংলাদেশের জয়

একটি ছক্কা, চারটি চার। স্ট্রাইক রেট মাত্র ৭৪.১! ইনিংসজুড়ে ছিল দায়িত্ব, ধৈর্য আর নিখুঁত ম্যাচ টেম্পো নিয়ন্ত্রণের গল্প। সাইফ হাসানের ১১৬ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করেই ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকং চায়নাকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ এ দল। ৯ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের যাত্রা শুরু করল বাংলাদেশ!

শুরুটা অবশ্য মোটেও আগ্রাসী ছিল না সাইফ হাসানের। বরং উইকেটে থিতু হওয়া, পরিস্থিতি বুঝে খেলা আর দলকে জয়ের পথে এগিয়ে নেওয়াই যেন ছিল তাঁর মূল পরিকল্পনা। শাহাদাত হোসেন দীপুকে সঙ্গী করে একেবারে হিসেবি ব্যাটিংয়ে এগিয়ে যান সাইফ।

দীপু সুযোগ বুঝে হাত খুলেছেন, অন্যদিকে সাইফ ছিলেন শান্ত, স্থির আর ভীষণ দায়িত্বশীল। দুজনের ৮৪ রানের জুটিতে ভিতটা শক্ত হয়ে যায় বাংলাদেশের।

দীপু ছয়টি চার ও একটি ছক্কায় ৫৯ বলে ৪১ রান করে ফিরতেই দৃশ্যপটে আসেন ইয়াসির আলী রাব্বি। এরপর যেন বদলে যায় ম্যাচের চিত্রনাট্য। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে দুই ব্যাটারের আগ্রাসন। শুরুতে স্ট্রাইক রোটেট করে রান বের করা সাইফও পরে সুযোগ পেলেই বাউন্ডারি হাঁকিয়েছেন। আর ইয়াসির যেন শুরু থেকেই ছিলেন টি-টোয়েন্টি মেজাজে।

রাব্বির ব্যাটে তখন রীতিমতো ঝড়। ১৩৯.২১ স্ট্রাইক রেটে মাত্র ৫৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস। তিনটি চার আর পাঁচটি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস বাংলাদেশের জয়ের পথটাকে আরও সহজ করে দেয়। অন্য প্রান্তে সাইফ হাসান যেন ছিলেন ইনিংসের মেরুদণ্ড।

শুরুতে ধীর, শেষটা দাপুটে। সাইফের দায়িত্বশীল ব্যাটিং আর ইয়াসিরের বিধ্বংসী ফিনিশিংয়ে ২২০ রানের লক্ষ্য বাংলাদেশের কাছে হয়ে ওঠে একেবারেই সহজ। ৯ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ এ দল। এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম ম্যাচেই এমন দাপুটে শুরু, গতবারের রানার্সআপরা এবার কই গিয়ে শেষ করে, সেটিই দেখার পালা!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link